ঢাকা | মে ৬, ২০২৬ - ২:৫৪ অপরাহ্ন

এনটিআরসিএ’র মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ বাতিলের দাবি

  • আপডেট: Wednesday, May 6, 2026 - 12:37 pm

নিজস্ব প্রতিবেদক।। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নিয়োগ পরীক্ষা বাতিল করে ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ‘সচেতন শিক্ষক সমাজ’।

 

বুধবার (৬ মে) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক আব্দুল আউয়াল।

 

সংগঠনটির নেতারা দাবি করেন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা একটি শিক্ষা প্রতিষ্ঠানের চালিকা শক্তি। যে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান দক্ষ ও অভিজ্ঞ এবং প্রতিষ্ঠান পরিচালনায় মুন্সীয়ানার পরিচয় দিতে পারেন সেই প্রতিষ্ঠানের শিক্ষার মান অনেক উন্নত। শিক্ষার্থীরা উপযুক্ত শিক্ষা পায় এবং জাতি উপকৃত হয়।

 

বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অদক্ষ ও অযোগ্য শিক্ষকদের প্রতিষ্ঠান প্রধান নিয়োগ করার ফলে শিক্ষাক্ষেত্রে ব্যাপক ধস নেমেছে। ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে অদ্যাবধি প্রতিষ্ঠান প্রধান নিয়োগ বন্ধ থাকায় শিক্ষাক্ষেত্রে ক্রমাগতভাবে শিক্ষার উন্নয়ন ব্যাহত হচ্ছে।

 

আমাদের দেশের আইন অনুযায়ী প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষাকদের নিয়োগের একমাত্র ক্ষমতা প্রতিষ্ঠানের গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির হাতে ন্যাস্ত। কিন্তু আমরা দেখছি বিগত সরকারের পতনের পর থেকে গভর্নিং বডি/ম্যানেজিং কমিটি গঠনের সুযোগ না দিয়ে ধারাবাহিকভাবে অ্যাডহক কমিটি গঠন করে প্রতিষ্ঠান পরিচালনা করা হচ্ছে, ফলে তারা প্রতিষ্ঠান প্রধান নিয়োগ দিতে পারছে না। এদিকে ম্যানেজিং কমিটি গঠন না করেই এনটিআরসিএ প্রতিষ্ঠান প্রধান ও সহ-প্রধানের নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

 

সংবাদ সম্মেলনে বলা হয়, এনটিআরসিএর সিদ্ধান্ত বাতিলের দাবিতে ১১৯ জন শিক্ষক যৌথভাবে হাইকোর্টে রিট আবেদন করেন এবং হাইকোর্ট প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা স্থগিতের পক্ষে রায় প্রদান করেন।

কিন্তু এনটিআরসিএ তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষে পূর্নাঙ্গ শুনানি না করেই হাইকোর্টের রায় স্থগিতের উদ্যোগ নেয়া এবং চেম্বার জজ আদালত ১৭ এপ্রিল হাইকোর্টের রায় স্থগিত করে দেন এবং এনটিআরসিএ ১৮ এপ্রিল যথাযথ প্রস্তুতি ও নীতিমালা ছাড়াই পরীক্ষা গ্রহণ করেন। এনটিআরসিএর এই অপতৎপরতা সচেতন শিক্ষক সমাজকে উদ্বিগ্ন করে তুলেছে।