ঢাকা | মে ৪, ২০২৬ - ১:২৩ অপরাহ্ন

শিরোনাম

বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে একজন নিহত, আহত ১০

  • আপডেট: Monday, May 4, 2026 - 11:36 am

মো. রিয়াজ, বাউফল।। পটুয়াখালীর বাউফলে মধ্যরাতে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছে।  এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছে।

রোববার (৩ মে) রাত সাড়ে ১২টার দিকে বাউফল-ঢাকা মহাসড়কের আফসার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত আল মাহমুদ (১৮) বাউফল ট্রাভেলসের সুপারভাইজার হিসেবে কাজ করতেন। তিনি বাউফল উপজেলার বগা ইউনিয়নের সন্যাসিকান্দা এলাকার শহিদুল ইসলামের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দশমিনা থেকে ছেড়ে আসা বাসটি বাউফল অতিক্রম করার সময় অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময়  ঘটনাস্থলেই সুপারভাইজার আল মাহমুদের মৃত্যু হয়। বাসটিতে প্রায় ২০ থেকে ২৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

দুর্ঘটনায় আহত ১০ জনকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

বাসের কয়েকজন যাত্রীর অভিযোগ, চালক গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলছিলেন এবং বাসটির গতি ছিল বেশি। এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেছেন , ‘বাসটিতে আনুমানিক ২০-২৫ জন যাত্রী ছিলেন। নিহত একজন ছাড়াও আরও একজন গুরুতর আহত হয়েছেন, তাকে বরিশালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।‘