ইউএনও-এসিল্যান্ডের অপসারণ ও বিচার দাবিতে মানিকছড়িতে বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট
মানিকছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা প্রশাসনের খামখেয়ালিপনায় নিহত বাবুল মিয়ার পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ এবং ইউএনও-এসিল্যান্ডকে অপসারণ ও শাস্তির দাবিতে মানিকছড়িতে বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টায় মানিকছড়ি উপজেলা সদরের আমতল মোড় থেকে এলাকার যুবসমাজ ও সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল। প্রশাসনের দুই কর্মকর্তার অপসারণ দাবিসহ নানা স্লোগানে মিছিলটি খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে ঘণ্টাব্যাপী অবস্থান ধর্মঘট করে অংশগ্রহণকারীরা। এতে বক্তব্য রাখেন অন্যতম আয়োজক মাসুদ উজ জামান, শাহজালাল পারভেজ, জাহিদ রুবেল ও যুবদল নেতা আবদুল মান্নানসহ আরও অনেকেই।
এসময় বক্তারা ইউএনও-এসিল্যান্ডের নানা কর্মকাণ্ডের কড়া সমালোচনা করে বলেন, মানিকছড়ি উপজেলা প্রশাসন একজন অদক্ষ চালককে দিয়ে জোরপূর্বক পে-লোডারটি সরাতে বাধ্য করে, যার ফলে দুর্ঘটনায় তার মৃত্যু হয়। প্রশাসন তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে বলে তারা দাবি করেন। নিহত বাবুল মিয়ার পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ এবং ইউএনও-এসিল্যান্ডকে অপসারণ করে শাস্তির আওতায় আনার দাবি জানান বক্তারা। পরে প্রশাসন ও উপজেলা বিএনপির আহ্বায়ক-সদস্য সচিবের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়। একই সঙ্গে দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আয়োজকরা।
প্রসঙ্গত, গত ১২ই এপ্রিল মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের খলিপাড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার সংবাদ পেয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে পাহাড় কাটায় ব্যবহৃত একটি পে-লোডার জব্দ করা হয়। কিন্তু প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মূল চালক পালিয়ে যাওয়ায় স্থানীয় চালক বাবুল হোসেনের সহায়তা নেয় প্রশাসন। এসময় পে-লোডারটি (ভেকু) সরাতে গিয়ে দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন চালক বাবুল হোসেন (৪৫)। তাঁকে উদ্ধার করে প্রথমে মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ই এপ্রিল সকালে তিনি মৃত্যুবরণ করেন।











