ঢাকা | এপ্রিল ২১, ২০২৬ - ৩:৪৪ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ের দুর্গম চাকুয়ায় ব্রি ধান-১০২ চাষে সফলতা

  • আপডেট: Tuesday, April 21, 2026 - 12:54 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রবি মৌসুম ২০২৫–২০২৬ সালে রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩ নম্বর চিৎমরম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দুর্গম চাকুয়া বড়পাড়ায় ব্রি ধান-১০২ জাতের বোরো ধান চাষ করে সফলতার মুখ দেখেছেন স্থানীয় কৃষকরা।

সোমবার (২০ এপ্রিল) সরেজমিনে চাকুয়া বড়পাড়া এলাকায় গিয়ে দেখা যায়, দিগন্তজুড়ে বিস্তৃত সবুজ ধানক্ষেত। সবুজের মাঝে সোনালি ধানের শীষ বাতাসে দুলছে, যা সৃষ্টি করেছে মনোরম প্রাকৃতিক দৃশ্য। কৃষকদের মুখেও ফুটে উঠেছে সাফল্যের হাসি।

এলাকার কৃষক সাথোয়াইঅং মার্মা, ওয়াচিং মার্মা ও হ্লাসাউ মার্মা জানান, কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় তারা ২ একর জমিতে ব্রি ধান-১০২ জাতের চাষ করেছেন। চলতি মৌসুমে ধানের ফলন ভালো হয়েছে এবং ধান কাটার পর গত বছরের তুলনায় বেশি উৎপাদন হবে বলে তারা আশাবাদী।

কৃষক হ্লাসাউ মার্মা বলেন, “এবার আমরা এডব্লিউডি (AWD) পদ্ধতি ব্যবহার করেছি। এতে প্রচলিত সেচ পদ্ধতির তুলনায় কম পানি লাগায় উৎপাদন খরচও কম হয়েছে।”

এ বিষয়ে কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মাসুদ বলেন, “কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় এডব্লিউডি (AWD) প্রযুক্তি ব্যবহার করে এই ব্লকে তিনজন কৃষক ২ একর জমিতে ব্রি ধান-১০২ চাষ করেছেন। ফলন সন্তোষজনক হয়েছে। আগামী মে মাসে ধান কাটা হবে বলে আশা করা যাচ্ছে।”

দুর্গম পাহাড়ি এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তির সফল প্রয়োগ স্থানীয় কৃষকদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।