ঢাকা | মে ২৪, ২০২৬ - ১২:১১ অপরাহ্ন

রোয়াংছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ বসতঘর পুড়ে ছাই

  • আপডেট: Tuesday, April 7, 2026 - 12:27 am

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ১নং রোয়াংছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের তাইম্রংছড়া পাড়ায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে এলাকার বাসিন্দা প্রীতিময় তঞ্চঙ্গ্যার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে প্রীতিময় তঞ্চঙ্গ্যার বসতঘরের পাশাপাশি প্রতিবেশী সুভাস তঞ্চঙ্গ্যা ও বিনিময় তঞ্চঙ্গ্যার ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই স্থানীয়রা নিজ উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। তবে উপজেলা সদরের প্রবেশমুখে থাকা একটি কম উচ্চতার তোরণ বা গেটের কারণে ফায়ার সার্ভিসের বড় গাড়িটি ভেতরে প্রবেশ করতে পারেনি বলে অভিযোগ উঠেছে।

এর ফলে ফায়ার সার্ভিসের সদস্যদের বিকল্প উপায়ে ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় আধা ঘণ্টা বিলম্ব হয়। ততক্ষণে আগুনের তীব্রতা বেড়ে গিয়ে তিনটি পরিবারের ঘরবাড়ি ও ভেতরে থাকা মূল্যবান সামগ্রী পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আগুনে তাদের আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র, কাপড়চোপড় এবং মজুদকৃত খাদ্যশস্য পুড়ে গেছে। এতে তারা নিঃস্ব হয়ে পড়েছেন। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব না হলেও স্থানীয়দের ধারণা, ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রোয়াংছড়ি থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির সঠিক তালিকা প্রস্তুতের কাজ চলছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা যাতায়াতপথে থাকা কম উচ্চতার গেট বা প্রতিবন্ধকতা দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের প্রতিবন্ধকতা ভবিষ্যতে যেকোনো জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিস বা উদ্ধারকারী যানবাহনের দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করতে পারে।