ঢাকা | এপ্রিল ২৭, ২০২৬ - ২:০৩ অপরাহ্ন

আশিকার আয়োজনে কাপ্তাইয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

  • আপডেট: Monday, March 9, 2026 - 6:35 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস্-এর এমপাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন ও ওয়াগ্গা ইউনিয়নের কমিউনিটি চেইঞ্জ মেকার দলের যুব ও যুব নারীদের অংশগ্রহণে সোমবার (৯ মার্চ) উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।

“আজকের পদক্ষেপ—আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যে অনুষ্ঠানের শুরুতে কমিউনিটি চেইঞ্জ মেকার দলের যুব-যুবতীদের অংশগ্রহণে খেলাধুলা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। নারী ও কন্যাশিশুর অধিকার সম্পর্কিত বিভিন্ন বার্তা সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন দিয়ে পুরো মাঠ সুসজ্জিত করা হয়, যা উপস্থিত সবার মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে এমপাওয়ারমেন্ট প্রকল্পের সিনিয়র প্রকল্প কর্মকর্তা সুব্রত খীসার সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা, ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুন তালুকদার, নারী অধিকার কর্মী বিজয় মারমা, মহিলা ইউপি সদস্য ও মহিলা কারবারি শিখারাণী তনচংগ্যা।

অনুষ্ঠানে বক্তারা নারী ও কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা এবং সমাজের সর্বস্তরে তাদের সমঅধিকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণিল র‌্যালি রাঙামাটি-বড়ইছড়ি সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনের মাধ্যমে নারী ও কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

এই আয়োজনের মাধ্যমে নারী ও কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা এবং সমাজে তাদের সমঅংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে স্থানীয় কমিউনিটির মধ্যে সচেতনতা বৃদ্ধির ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে বলে আয়োজকরা জানান।