কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক নুরুল আবছার রচিত ইংরেজি শেখার বই “ইংলিশ বুস্টার”–এর মোড়ক উন্মোচন করা হয়েছে। কিউআর কোডভিত্তিক নেটিভ ভয়েস শুনে ইংরেজি চর্চার কার্যকর সুযোগ তৈরি করাই বইটির মূল বৈশিষ্ট্য।
সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১টায় কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কমান্ডার মো. আলিফ উল্লাহ (শিক্ষা), বিএন।
এসময় তিনি বলেন, বইটিতে লিসেনিং, স্পিকিং, প্রনানসিয়েশন, প্রেজেন্টেশন, ভোকাবুলারি, গ্রামার, ডিবেটিং, অ্যাংকরিং এবং আইইএলটিএসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষার্থীরা যদি অধ্যায়ভিত্তিক নিয়মিত অনুশীলন করে, তাহলে ইংরেজিতে কথা বলা ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ এম. জাহাঙ্গীর আলম, কলেজ শাখার কো-অর্ডিনেটর মো. কামরুল আলম, মাধ্যমিক শাখার কো-অর্ডিনেটর মো. মাহফুজুল হকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
বইটির লেখক প্রভাষক নুরুল আবছার বলেন, “ইংলিশ বুস্টার” একটি ব্যতিক্রমধর্মী ও আধুনিক ইংরেজি শেখার বই, যেখানে প্রতিটি লেসনের সঙ্গে কিউআর কোড সংযুক্ত করা হয়েছে। শিক্ষার্থীরা কোড স্ক্যান করে হেডফোনের মাধ্যমে নেটিভ ভয়েসে সঠিক উচ্চারণ, স্বাভাবিক টোন ও বাস্তবসম্মত বাক্যপ্রয়োগ শুনে অনুশীলন করতে পারবে।
তিনি আরও জানান, বইটিতে লিসেনিং, স্পিকিং, প্রনানসিয়েশন, প্রেজেন্টেশন, ভোকাবুলারি, গ্রামার, ডিবেটিং, অ্যাংকরিং, আইইএলটিএস স্পিকিং, ফ্রিল্যান্সিং, ইংলিশ ফর টিচার্স, ক্রিকেট ও ফুটবল কমেন্টারি, অনার্স ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থী এবং বিসিএস ভাইভা প্রস্তুতির জন্য মডেলসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় সংযোজন করা হয়েছে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়বে এবং স্পোকেন ও প্রেজেন্টেশন ইংরেজিতে দক্ষতা অর্জন সহজ হবে।
তিনি বলেন, পরিবারে ছোট-বড় সবার জন্যই বইটি সমানভাবে উপযোগী। যারা বেসিক থেকে অ্যাডভান্স পর্যায় পর্যন্ত ইংরেজি দক্ষতা উন্নত করতে চান, তাদের জন্য এটি একটি কার্যকর সহায়ক বই।











