ঢাকা | ফেব্রুয়ারী ১৯, ২০২৬ - ১০:৩২ অপরাহ্ন

শিরোনাম

রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে কাপ্তাই ব্যবসায়ীদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা

  • আপডেট: Thursday, February 19, 2026 - 5:38 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। তিনি বলেন, রোজাদার ও স্বল্প আয়ের মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারেন, সে বিষয়টি ব্যবসায়ীদের আন্তরিকভাবে বিবেচনায় রাখতে হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে কাপ্তাই নতুন বাজারের ব্যবসায়ীদের নিয়ে বণিক কল্যাণ অফিসে অনুষ্ঠিত আলোচনা ও সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি বিপণন কমিটি।

সভায় ইউএনও ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, প্রতিটি দোকানে দৃশ্যমান স্থানে দ্রব্যমূল্যের তালিকা টানাতে হবে এবং ক্রেতাদের পাকা রশিদ প্রদান নিশ্চিত করতে হবে। রমজান উপলক্ষে ইফতার সামগ্রী প্রস্তুতে ভেজাল রং ব্যবহার, পোড়া বা বাসি তেল ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনাও দেন তিনি। পাশাপাশি বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায় না করে ন্যায্যমূল্য বজায় রাখার আহ্বান জানান।

এ সময় কাপ্তাই উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদ, উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা অভিজিৎ বড়ুয়া, কাপ্তাই নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক এম. করিমসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।