মাদারীপুরে জুয়ায় বাধা দেয়ায় নৈশপ্রহরীকে পিটিয়ে হত্যা
মাদারীপুর প্রতিনিধি।। মাদারীপুরে জুয়া খেলায় বাধা দেয়ায় ইউসুফ আকন নামের এক যুবক ও তার সহযোগীদের লোহার রডের আঘাতে আহত নৈশপ্রহরী জাহাঙ্গীর খাঁ (৪৫) মারা গেছেন।
শনিবার (৩১ জানুয়ারি) ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জাহাঙ্গীর মাদারীপুর সদর উপজেলার পশ্চিম খাগদী এলাকার মন্নান খাঁর ছেলে। অভিযুক্ত ইউসুফ আকন একই এলাকার মৃত মতলেব আকনের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার পশ্চিম খাগদী এলাকার একটি মার্কেটে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন জাহাঙ্গীর খাঁ। গভীর রাতে ইউসুফ আকনসহ কয়েকজন যুবক মার্কেটের ভেতর জাহাঙ্গীরের রুমে ঢুকে জুয়া খেলা শুরু করেন। জাহাঙ্গীর এতে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে ইউসুফ ও তার সহযোগীরা লোহার রড দিয়ে তার মাথায় এলোপাতাড়ি আঘাত করে। জাহাঙ্গীরের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা আরও দুজনকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
গুরুতর আহত জাহাঙ্গীরকে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিকেলে মরদেহ মাদারীপুরে আনা হলে জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়। নিহত জাহাঙ্গীর পশ্চিম খাগদী এলাকার মন্নান খাঁর ছেলে।
হত্যাকাণ্ডের শিকার জাহাঙ্গীরের পরিবার ও স্থানীয়রা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
স্থানীয় বাসিন্দা আকাশ খান বলেন, ‘একজন নিরপরাধ মানুষকে এভাবে পিটিয়ে মেরে ফেলার বিচার না হলে অপরাধীরা আরও সাহস পাবে। এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। সরকারের সহযোগিতা ছাড়া তার স্ত্রী-সন্তানদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে।’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, প্রাথমিকভাবে জানা গেছে জুয়া খেলা নিয়ে মারামারিতে এক নৈশপ্রহরী মারা গেছে। এই ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। পরিবার থেকে থানায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।











