ঢাকা | নভেম্বর ১, ২০২৬ - ১০:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

রাঙামাটির লংগদুতে নৌকা ডুবিতে দুজনের মৃত্যু, শিশু নিখোঁজ

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি।
রাঙামাটির লংগদু উপজেলায় কাপ্তাই হ্রদে নৌকাডুবির ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো মাসুম (৫) নামের এক শিশু নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার গুলশাখালী এলাকা থেকে বাড়ি ফেরার পথে আকস্মিক ঝড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এফআইডিসি এলাকার পাঁচজন একটি ছোট জালের নৌকায় গুলশাখালী আত্মীয় বাড়িতে বেড়াতে যান। ফেরার পথে বাজারে ডাক্তার দেখিয়ে বাড়ি আসার সময় ঝড়ে নৌকা ডুবে যায়। দুর্ঘটনার পর রাতেই এক শিশুর মরদেহ এবং আহত একজনকে উদ্ধার করা হয়। তবে মা-ছেলেসহ দুজন নিখোঁজ ছিলেন।

বুধবার (১ অক্টোবর) সকালে নিখোঁজ শিরিন আক্তারের (৪০) মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। তবে তার ছেলে মাসুম এখনো নিখোঁজ রয়েছে।

লংগদু ফায়ার সার্ভিসের সাব অফিসার হেলাল উদ্দিন চৌধুরী জানান, সকালে রাঙামাটি থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। “আমরা ঘটনাস্থল থেকে শিরিন আক্তারের মরদেহ উদ্ধার করেছি। শিশুটি নিখোঁজ রয়েছে, তাকে উদ্ধারে অভিযান চলছে। সেনাবাহিনীও আমাদের সঙ্গে কাজ করছে,” বলেন তিনি।

সম্পর্কিত