ঢাকা | নভেম্বর ১, ২০২৬ - ৬:২৯ পূর্বাহ্ন

শিরোনাম

খেলা

আজ ঢাকায় আসছে ফুটবল বিশ্বকাপের ট্রফি

স্পোর্টস ডেস্ক।। বিশ্ব ভ্রমণ কর্মসূচির অংশ হিসেবে আজ (বুধবার) ঢাকায় আসছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের মূল ট্রফি। ট্রফি নিয়ে বাংলাদেশে পৌঁছাবেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে বহুল আলোচিত এই ট্রফি সফর আয়োজন করছে পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোকা কোলা।

কোকা কোলার পক্ষ থেকে আগে জানানো হয়েছিল আন্ডার দ্য ক্যাপ ক্যাম্পেইনের বিজয়ীরা বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন।

বাংলাদেশি ভক্তদের জন্য সেই সুযোগও থাকছে আজকের আয়োজনেই।

ঢাকায় পৌঁছানোর পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফিটি গ্রহণ করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। তার সঙ্গে উপস্থিত থাকার কথা রয়েছে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী ও এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের। সেখান থেকে কড়া নিরাপত্তায় ট্রফিটি নেওয়া হবে রাজধানীর একটি হোটেলে।

তবে ট্রফি ঢাকায় এলেও সাধারণ ফুটবলপ্রেমীদের জন্য সরাসরি দেখার সুযোগ থাকছে না। বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে, আয়োজনটি স্বল্প সময়ের হওয়ায় এবার জনসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে না। কেবল কোকা কোলার নির্ধারিত বিজয়ীরাই নির্দিষ্ট সময়ে ট্রফি দেখা ও ছবি তোলার সুযোগ পাবেন।

এবারের বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর।

প্রথমবারের মতো তিন দেশ যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় যৌথভাবে হবে টুর্নামেন্ট। ফিফার সূচি অনুযায়ী আগামী ১১ জুন শুরু হয়ে বিশ্বকাপ শেষ হবে ১৯ জুলাই।

ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের এই বৈশ্বিক সফরে ৩০টি দেশের ৭৫টি স্থানে যাওয়ার কথা রয়েছে। ঢাকাও সেই তালিকার একটি গুরুত্বপূর্ণ গন্তব্য।

সম্পর্কিত