ঢাকা | এপ্রিল ১৫, ২০২৬ - ১২:১১ পূর্বাহ্ন

শিরোনাম

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

  • আপডেট: Tuesday, April 14, 2026 - 7:12 pm

ডেস্ক রিপোর্ট।। কুমিল্লার দাউদকান্দিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হওয়ার ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করে এবং সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) জামায়াত আমিরের ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ বিবৃতি দেন তিনি।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ‘আজ ১৪ এপ্রিল রাত ৩টার দিকে কুমিল্লার দাউদকান্দিতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও অন্তত ৬ জন আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। এমন মৃত্যুবরণ অত্যন্ত বেদনাদায়ক ও মর্মস্পর্শী।’

তিনি বলেন, ‘আমি নিহতদের শহিদ হিসেবে কবুল করার জন্য মহান রবের নিকট কায়মনোবাক্যে দোয়া করছি। নিহতদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

তিনি আরও বলেন, ‘বারবার সংঘটিত এ জাতীয় সড়ক দুর্ঘটনা আবারও প্রমাণ করছে যে, দেশের সড়ক ব্যবস্থাপনায় চরম অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে। বেপরোয়া গতি, যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল, চালকদের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব এবং মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা প্রতিনিয়ত মানুষের জীবন কেড়ে নিচ্ছে।’

এ পরিস্থিতিতে অবিলম্বে সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ, চালকদের প্রশিক্ষণ নিশ্চিত করা এবং মহাসড়কে কার্যকর নজরদারি জোরদারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান জামায়াত আমির।

তিনি বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’ এছাড়া দুর্ঘটনার প্রকৃত কারণ দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তির বিধান এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বানও জানান তিনি।