ঢাকা | ফেব্রুয়ারী ৪, ২০২৬ - ৯:৫৮ অপরাহ্ন

শিরোনাম

জেলা পর্যায়ের নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে চন্দনাইশে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের মতবিনিময় ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেট: Wednesday, February 4, 2026 - 8:15 pm

নুরুল আলম, চন্দনাইশ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চন্দনাইশে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে জেলা পর্যায়ের নির্বাচনী কর্মকর্তাদের মতবিনিময় সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয় এ অনুষ্ঠানে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে চন্দনাইশ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের সহযোগিতায় উপজেলা অডিটোরিয়াম হলে এ প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার রাজিব হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন, “বিগত ১৬ বছরের নির্বাচনের তুলনায় ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সম্পূর্ণ ব্যতিক্রম। এ নির্বাচন দেশ ও আন্তর্জাতিকভাবে উদাহরণ হয়ে থাকবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের স্থানীয় পরিচয়, আত্মীয়স্বজন ও ব্যক্তিগত মায়া-মমতা পরিহার করে সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। কোনো ব্যতিক্রম হলে দায়ও নিতে হবে।”
তিনি আরও বলেন, নির্বাচনে নিয়োজিত কর্মকর্তাদের সাহস ও সততা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় শতভাগ সহযোগিতা প্রদান করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির হোসেন, লে. কর্নেল মোহা. মাহমুদুল হাসান পিএসসি (অধিনায়ক, ১২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি), মোস্তাক আহমেদ, জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) আনসার ও ভিডিপি-চট্টগ্রাম, গোলাম মঈন উদ্দীন হাসান, উপ-পরিচালক (স্থানীয় সরকার), চট্টগ্রাম, মোহাম্মদ শরীফ উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক এবং মোহাম্মদ বশির আহমেদ, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, চট্টগ্রাম।
জানা যায়, চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনের চন্দনাইশ ও সাতকানিয়া (আংশিক) এলাকায় মোট ১০০টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে চন্দনাইশে রয়েছে ৬৪টি কেন্দ্র। প্রতিটি কেন্দ্রে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসার ছাড়াও মোট ৭৪০ জন পোলিং অফিসার এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।