ঢাকা | এপ্রিল ২৪, ২০২৬ - ৮:১২ অপরাহ্ন

শিরোনাম

জুমার নামাজ পড়িয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় মাদ্রাসাশিক্ষকের মৃত্যু

  • আপডেট: Friday, April 24, 2026 - 6:57 pm

মিরসরাই প্রতিনিধি।।

চট্টগ্রামের মিরসরাইয়ে ডাম্প ট্রাকের ধাক্কায় চলন্ত মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে এক মাদ্রাসাশিক্ষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা তিনটার দিকে উপজেলার সদর ইউনিয়নের ওয়্যারলেস এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষকের নাম মো. আমিরুল ইসলাম ফারুকী (৪৭)। তিনি উপজেলার মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ এলাকার মো. জাফর আহমদ ফারুকীর ছেলে। তিনি ওই এলাকার রহমতাবাদ ফারুকীয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। পাশাপাশি তিনি উপজেলার চিনকি আস্তানা এলাকায় একটি মসজিদে জুমার নামাজ পড়াতেন। আজ তিনি ওই মসজিদে জুমার নামাজ পড়িয়ে ফিরছিলেন।

স্থানীয় সূত্র জানায়, জুমার নামাজ শেষে মোটরসাইকেলে মিরসরাই উপজেলা সদরে যাচ্ছিলেন আমিরুল ইসলাম। পথে একটি ডাম্প ট্রাক তাঁর মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। পরে তিনি সড়কে ছিটকে পড়ে দুর্ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সদস্যরা তাঁর লাশ উদ্ধার করে।

জানতে চাইলে নিহত আমিরুল ইসলামের ছোট ভাই রাশেদুল ইসলাম ফারুকী বলেন, ‘আমার বড় ভাই বাবার প্রতিষ্ঠিত মাদ্রাসায় পড়ানোর পাশাপাশি একটি মসজিদে জুমার নামাজ পড়াতেন। শুক্রবার জুমার নামাজ পড়ানোর পর তিনি মোটরসাইকেল চালিয়ে উপজেলা সদরে যাচ্ছিলেন। পথে বেপরোয়া গতির একটি ডাম্প ট্রাক আমার ভাইয়ের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে তাঁর মৃত্যু হয়। বড় ভাই আমিরুল ইসলামের স্ত্রী ও তিন ছেলেসন্তান রয়েছে।’

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক মো. বোরহান উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে আমিরুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁর লাশ স্বজনদের বুঝিয়ে দেওয়া হবে। মোটরসাইকেলে ধাক্কা দেওয়া ডাম্প ট্রাকটি আমরা আটকের চেষ্টা করছি।’