ঢাকা | এপ্রিল ২২, ২০২৬ - ৬:২১ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন নেমে এসেছে ৪০ মেগাওয়াটে

  • আপডেট: Wednesday, April 22, 2026 - 4:44 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।।

রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে (কপাবিকে) পানির স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। বর্তমানে কেন্দ্রটির ৫টি ইউনিটের মধ্যে ৪টি বন্ধ রয়েছে এবং মাত্র ১টি ইউনিট চালু রয়েছে। এ ইউনিট থেকে উৎপাদিত হচ্ছে মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ।

কর্তৃপক্ষ জানায়, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট থেকে সর্বোচ্চ ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলেও পানির অভাবে তা বর্তমানে অনেক কমে গেছে।

বিষয়টি নিশ্চিত করে কপাবিকের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বুধবার (২২ এপ্রিল) সকাল ১০টায় এই প্রতিবেদককে জানান, শুষ্ক মৌসুমে কাপ্তাই লেকের পানির স্তর দিন দিন কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনে প্রভাব পড়ছে। বুধবার সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রটির শুধুমাত্র ২ নম্বর ইউনিট চালু ছিল, যা থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

তিনি আরও জানান, রুল কার্ভ অনুযায়ী এ সময়ে কাপ্তাই লেকে পানির উচ্চতা ৮৩.৮০ ফুট (মিন সি লেভেল) থাকার কথা থাকলেও বুধবার সকাল ৯টা পর্যন্ত পানির উচ্চতা নেমে এসেছে ৭৭.৪৭ ফুটে।

এদিকে কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বে থাকা প্রকৌশলীরা জানান, গত কয়েক সপ্তাহ ধরে ২টি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হলেও পানির স্তর দ্রুত কমতে থাকায় গত মঙ্গলবার (২০ এপ্রিল) থেকে মাত্র ১টি ইউনিট চালু রাখা হয়েছে।

তারা আরও বলেন, পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত এই সংকটের উন্নতি হওয়ার সম্ভাবনা কম।