ঢাকা | মে ১৯, ২০২৬ - ২:২৪ অপরাহ্ন

শিরোনাম

হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক রাখার নির্দেশ

  • আপডেট: Tuesday, May 19, 2026 - 1:45 pm

ডেস্ক রিপোর্ট।। দেশে সম্প্রতি বিভিন্ন বেসরকারি হাসপাতালে হাম এবং হামে আক্রান্ত বলে সন্দেহভাজন রোগীদের ভর্তি না করার অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে আজ মঙ্গলবার (১৯ মে) দেশের সব বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে সরকার। নির্দেশনায় বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে দরিদ্র রোগীদের জন্য বরাদ্দ থাকা শয্যার অর্ধেক হাম রোগীদের জন্য সুনির্দিষ্ট রাখার নির্দেশ দেয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) মঈনুল আহসান স্বাক্ষরিত এ নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কিছু বেসরকারি হাসপাতাল হাম বা সন্দেহজনক হামের রোগীদের ভর্তি নিতে অনীহা প্রকাশ করছে। এই প্রেক্ষিতে দেশের সব বেসরকারি হাসপাতালে হামের রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে ছয়টি জরুরি নির্দেশনা প্রতিপালন করতে বলা হয়েছে।

আলাদা ওয়ার্ড বা কেবিন: প্রতিটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে আবশ্যিকভাবে হাম ও সন্দেহজনক হাম রোগীদের চিকিৎসার জন্য পৃথক ওয়ার্ড বা কেবিনের ব্যবস্থা করতে হবে।

ভর্তি ও চিকিৎসা নিশ্চিতকরণ: কোনো হাসপাতাল হামের রোগীকে ফিরিয়ে দিতে পারবে না। তাদের ভর্তি রেখে চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।

দরিদ্রদের কোটায় হামের শয্যা: ‘বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন-২০২২’ অনুযায়ী, সব বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ন্যূনতম ১০ শতাংশ শয্যা দরিদ্র মানুষের জন্য সম্পূর্ণ বিনা ভাড়ায় সংরক্ষণের বিধান রয়েছে।

নির্দেশনা অনুযায়ী, এই ১০ শতাংশ শয্যার অর্ধেক (অর্থাৎ মোট শয্যার ৫ শতাংশ) হাম ও সন্দেহজনক হামের রোগীদের চিকিৎসার জন্য নির্দিষ্ট রাখতে হবে। উদাহরণস্বরূপ— একটি ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে দরিদ্রদের জন্য সংরক্ষিত শয্যার অর্ধেক হিসেবে ১২টি শয্যা হাম রোগীদের জন্য বরাদ্দ থাকবে। এই বিষয়টি হাসপাতালের জরুরি বিভাগ ও অনুসন্ধান ডেস্কে প্রদর্শন করতে হবে।

দর্শনার্থী নিয়ন্ত্রণ: সংক্রমণ ছড়ানো রোধে হাসপাতালে ভর্তিকৃত হাম রোগীর সঙ্গে সর্বোচ্চ একজন অভিভাবক বা দর্শনার্থী অবস্থান বা প্রবেশ করতে পারবেন।

তথ্য আপলোড ও হটলাইন: প্রতিদিন ভর্তিকৃত রোগীর তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের নির্দিষ্ট এমআইএস সার্ভারে (http://surveillance.dghs.gov.bt) আপলোড করতে হবে। যেকোনো জরুরি প্রয়োজনে হাসপাতাল কর্তৃপক্ষকে 01759114488 হটলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

সরকারি হাসপাতালের সঙ্গে সমন্বয়: হাম ও সন্দেহজনক হামের রোগীদের চিকিৎসার ক্ষেত্রে বেসরকারি হাসপাতালগুলোকে স্থানীয় সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে সার্বিক সমন্বয় সাধন করতে হবে।