ঢাকা | জুন ৪, ২০২৬ - ৯:২৭ অপরাহ্ন

শিরোনাম

সেনাবাহিনীর সহায়তায় রক্ষা পেল পাহাড়ি শিশুর চোখ

  • আপডেট: Thursday, June 4, 2026 - 6:49 pm

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম রৌনিনপাড়ায় এক পাহাড়ি শিশুর চোখের চিকিৎসায় তাৎক্ষণিক আর্থিক ও চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর দ্রুত হস্তক্ষেপে শিশুটি সম্ভাব্য বড় ধরনের চোখের ক্ষতির ঝুঁকি থেকে রক্ষা পেয়েছে।

জানা যায়, রৌনিনপাড়ার বাসিন্দা লাল খম লিয়ান বমের ৫ বছর বয়সী ছেলে দীর্ঘদিন ধরে গুরুতর চোখের সমস্যায় ভুগছিল। চিকিৎসকদের মতে, দ্রুত উন্নত চিকিৎসা না করালে শিশুটির দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা ছিল। ছয় সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় লাল খম লিয়ান বমের পক্ষে সন্তানের ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছিল না।

এ অবস্থায় গত ৩ জুন তিনি আর্থিক সহায়তার আবেদন নিয়ে রৌনিনপাড়া আর্মি ক্যাম্পে যান। বিষয়টি জানার পর বাংলাদেশ সেনাবাহিনীর রৌনিনপাড়া আর্মি ক্যাম্প কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। সেনাবাহিনীর পক্ষ থেকে শিশুটির চিকিৎসার জন্য তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে দ্রুত যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হয়।

সেনাবাহিনীর এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগের ফলে শিশুটির চোখ বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়। সন্তানের চিকিৎসা নিশ্চিত হওয়ায় লাল খম লিয়ান বম বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয় সূত্র জানায়, দুর্গম পার্বত্য অঞ্চলে শান্তি ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। চিকিৎসা সহায়তা, শিক্ষা উন্নয়ন, ত্রাণ বিতরণ এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে পার্বত্য এলাকার সাধারণ মানুষের পাশে রয়েছে।