ঢাকা | এপ্রিল ২৫, ২০২৬ - ৬:২০ অপরাহ্ন

শিরোনাম

সাভার প্রেস ক্লাবের জন্য জমিসহ নতুন ভবন নির্মাণের ঘোষণা

  • আপডেট: Saturday, April 25, 2026 - 1:53 pm

এইচ এম সাগর, সাভার উপজেলা প্রতিনিধি: সাভার প্রেস ক্লাবের জন্য জমিসহ একটি আধুনিক নতুন ভবন নির্মাণের ঘোষণা দিয়েছেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।

আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সাভারের মুক্তিমোড় এলাকায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, সাভার প্রেস ক্লাবের সাংবাদিকদের জন্য একটি স্থায়ী অবকাঠামো গড়ে তুলতে জেলা পরিষদ উদ্যোগ গ্রহণ করবে।

তিনি আরও জানান, সাভারে জেলা প্রশাসনের দখলে থাকা বা অবৈধভাবে দখল হয়ে যাওয়া সরকারি জায়গাগুলো পর্যায়ক্রমে উদ্ধার করা হচ্ছে। মুক্তিমোড় এলাকায় অবস্থিত সাভার পৌর কমিউনিটি সেন্টার ভেঙে সেখানে নতুনভাবে আধুনিক কমিউনিটি সেন্টারের পাশাপাশি একটি বৃহৎ বহুতল মার্কেট নির্মাণের পরিকল্পনা রয়েছে।

ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, “জেলা প্রশাসনের কোনো জায়গা অবৈধভাবে দখল করে রাখা যাবে না। সব জায়গা উদ্ধার করে জনগণের কল্যাণে ব্যবহার করা হবে।” তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ঢাকা জেলা পরিষদের আওতাধীন বিভিন্ন উপজেলায় উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে।

এর আগে তিনি দখল হয়ে যাওয়া জেলা পরিষদের বিভিন্ন জমি সরেজমিনে পরিদর্শন করেন এবং সার্ভেয়ারের মাধ্যমে সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন করেন।

এসময় উপস্থিত ছিলেন আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন খান, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল, যুবদল নেতা ইয়ার মো. ইয়াসিন সরকার শাওনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।