সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিনের ওপর পঁচা ডিম নিক্ষেপ
আদালত প্রতিবেদক।। মানব পাচারের অভিযোগে মামলায় রিমান্ড শুনানির জন্য গ্রেপ্তার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে আজ (মঙ্গলবার) ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। তবে শুনানির পরেই আদালত প্রাঙ্গণে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে পচা ডিম ছুড়ে ক্ষোভ প্রকাশ করেন এবং বিভিন্ন স্লোগান দেন।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে তাকে কড়া নিরাপত্তায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে রিমান্ড আবেদন জানানো হয়। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আদেশ শেষে মাসুদ উদ্দিন চৌধুরীকে আদালত থেকে নিয়ে যাওয়ার সময় ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ একজন বলেন, ১০টা পঁচা ডিম মেরে একটু শান্তি পেয়েছি, আগামীতে সুযোগ পেলে আরও মারব।
এদিকে শুনানির সময় আদালতে মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে বলেন, যাকে এক সময় টর্চার (নির্যাতন) করে হত্যা করতে চেয়েছিলেন এই কর্মকর্তা, তিনিই আজ দেশের প্রধানমন্ত্রী।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি মানব পাচারের একটি সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত ও অন্যান্য সহযোগীদের খুঁজে বের করতে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন।
এর আগে ডিবিপ্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মানব পাচার ছাড়াও প্রতারণা, চাঁদাবাজি, হত্যাসহ মোট পাঁচটি মামলা রয়েছে। এছাড়া ফেনীতে দায়ের করা বৈষম্যবিরোধী একটি মামলায় তার বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
প্রসঙ্গত, গতকাল মধ্যরাতে ডিবিপ্রধানের নেতৃত্বে একটি দল বারিধারা ডিওএইচএসের ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়।











