ঢাকা | জুন ১১, ২০২৬ - ১০:৪১ অপরাহ্ন

শিরোনাম

লামায় কৃষক কংগ্রেস ও পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস (জিএপি) অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, June 11, 2026 - 7:11 pm

লামা (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের লামায় কৃষক কংগ্রেস ও পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস (জিএপি) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টায় লামা উপজেলা পরিষদ হলরুমে এ কংগ্রেসের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, গ্রামের প্রান্তিক কৃষকদের জন্য ব্যতিক্রমধর্মী শিক্ষা কার্যক্রম হিসেবে পরিচালিত হচ্ছে ‘পার্টনার ফিল্ড স্কুল’। বিভিন্ন বয়সী কৃষক ও কৃষাণীরা এ স্কুলের শিক্ষার্থী হিসেবে হাতে-কলমে পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং পরিবেশবান্ধব চাষাবাদের নানা কৌশল শিখছেন। লামা উপজেলার বিভিন্ন গ্রামে এ কার্যক্রম চলমান রয়েছে।

কৃষকদের বাড়ির খোলা জায়গায় অনুষ্ঠিত এসব শিক্ষামূলক কার্যক্রমে অংশ নিয়ে কৃষকরা আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জন করছেন। এ জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করে তারা যেমন আর্থিকভাবে লাভবান হচ্ছেন, তেমনি পুষ্টিবান্ধব খাদ্য উৎপাদনের মাধ্যমে ভোক্তাদের চাহিদাও পূরণ করছেন।

কৃষাণী মার্গারেট ত্রিপুরা জানান, কৃষি সম্প্রসারণ বিভাগের পরিচালনায় ফিল্ড স্কুলে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি তিনি ঢাকায় ১৫ দিনব্যাপী পুষ্টি উন্নয়ন ও উদ্যোক্তা প্রশিক্ষণে অংশ নেন। সেখানে পরিবেশবান্ধব চাষাবাদের বিভিন্ন কৌশল শিখে বর্তমানে নিজ বাড়িতে মাশরুম চাষ করছেন। এ থেকে অর্জিত আয় দিয়ে তিনি সন্তানদের পড়াশোনা ও সংসারের খরচ বহন করছেন।

কৃষাণী শরিফা আক্তার বলেন, “পার্টনার ফিল্ড স্কুলে দলগত শিক্ষার মাধ্যমে আমরা পুষ্টি ও পরিবেশবান্ধব চাষাবাদের পাশাপাশি সঞ্চয়ের বিষয়েও সচেতন হয়েছি। এছাড়া উন্নতমানের বীজ সংরক্ষণ, বীজতলা তৈরি, চারা উৎপাদন এবং সঠিক সময়ে রোপণের কৌশলও শিখতে পেরেছি।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে লামা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সোহেল রানা বলেন, বিশ্বব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে পার্টনার প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুলের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোপন কান্তি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান কামাল, বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র আমির হোসেন, লামা তথ্য কর্মকর্তা রাশেদুল হক রাশেদ, বিএনপি নেতা আবদু রব, এনজেড মহিলা সমিতির নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম, লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামরুজ্জামান, লামা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, জামায়াতে ইসলামী লামা উপজেলা আমির কাজী মো. ইব্রাহীম এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রবুজ বড়ুয়া।

বক্তারা কৃষকদের দক্ষতা বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণে পার্টনার ফিল্ড স্কুলের ভূমিকার প্রশংসা করেন এবং এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।