রূপসী কাপ্তাইয়ের আয়োজনে উন্নয়ন বিষয়ক গোলটেবিল বৈঠক
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই হতে প্রকাশিত মাসিক সাময়িকী রূপসী কাপ্তাইয়ের আয়োজনে বুধবার (২২ এপ্রিল) দুপুরে কাপ্তাই শিলছড়ি ফ্লোটিং প্যারাডাইস রেস্টুরেন্টে উন্নয়ন বিষয়ক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট প্রাবন্ধিক, কাপ্তাই ওয়াগ্গা টি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রশীদ কাদেরী।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
রূপসী কাপ্তাইয়ের সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কাপ্তাই কর্ণফুলী পেপার মিল লিমিটেডের (কেপিএম) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ, কাপ্তাই বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের সহকারী ব্যবস্থাপক তীর্থ জিৎ রায়, কেপিএমের মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) আব্দুল্লাহ আল মামুন, কেপিএমের উৎপাদন বিভাগের প্রধান মো. মইদুল ইসলাম, ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরী, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবু, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, কেপিএম স্কুলের প্রাক্তন শিক্ষক হারুন আল রশীদ, চন্দ্রঘোনা মা মনি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক দ্বীন মোহাম্মদ এবং মানবাধিকার কর্মী নুর বেগম মিতা।
গোলটেবিলে বক্তারা বলেন, কাপ্তাই উপজেলাকে সামগ্রিকভাবে উন্নয়ন করতে হলে পর্যটন শিল্পকে জাতীয়ভাবে তুলে ধরতে হবে এবং পর্যটন খাতে উন্নয়ন ঘটাতে হবে। নতুন নতুন শিল্পকারখানা গড়ে তোলার পাশাপাশি কাপ্তাইয়ের চন্দ্রঘোনা কেপিএম মিলকে সচল করতে হবে এবং কাপ্তাইকে মৌজা হিসেবে ঘোষণা করতে হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কুটিরশিল্পকে তুলে ধরতে হবে। এছাড়া এই অঞ্চলের উৎপাদিত ফলমূলকে প্রক্রিয়াজাত করার ব্যবস্থা করতে হবে, যাতে করে দেশের বিভিন্ন স্থানে উৎপাদিত ফল বাণিজ্যিকভাবে জেলার বাইরে নিয়ে যাওয়া যায়। সেইসাথে কৃষি খাতে উন্নয়ন ঘটাতে হবে।











