রাজস্থলীর বাঙ্গালহালিয়াতে ধানের শীষের বিশাল জনসভা, উপচে পড়া মানুষের ঢলে জনসমুদ্রে রূপ নেয়
রাজস্থলী সংবাদদাতা।
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ঐতিহ্যবাহী বাঙ্গালহালিয়া বাজারে ধানের শীষের পক্ষে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভা উপচে পড়া মানুষের ঢলে জনসমুদ্রে পরিণত হয়। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি ২৯৯-আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ধানের শীষের কাণ্ডারী এডভোকেট দীপেন দেওয়ান।
নির্ধারিত সময়ের অনেক আগেই আশপাশের গ্রাম ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ জনসভাস্থলে জড়ো হতে থাকেন। সভাস্থল ছাড়িয়ে সড়ক ও আশপাশের খোলা জায়গায়ও বিপুল সংখ্যক মানুষের অবস্থান লক্ষ্য করা যায়। মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট দীপেন দেওয়ান বলেন, “এই উপচে পড়া মানুষের উপস্থিতিই প্রমাণ করে—দেশের মানুষ পরিবর্তন চায়। ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জনগণ আজ ঐক্যবদ্ধ। ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।”
তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে রাঙ্গামাটি ২৯৯ আসনকে একটি দুর্নীতিমুক্ত, মানবিক ও উন্নয়নসমৃদ্ধ অঞ্চলে রূপান্তরিত করব। সাধারণ মানুষের সমস্যা সমাধানই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য।”
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে জনগণকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সভা শেষে ধানের শীষের পক্ষে এক বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে, এ সময় চারপাশ ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এর আগে ২৯৯ সংসদীয় আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান উপজেলার চুশাকপাড়া, নারাইছড়ি, হলুদিয়া পাড়া, বাজার এলাকা, তালুকদারপাড়া, নোয়াপাড়া ও হাজীপাড়া সহ বিভিন্ন এলাকা ঘুরে ধানের শীষের ভোটারদের সাথে কুশল বিনিময় করেন।
ছবি ও ক্যাপশন: রাজস্থলীর বাঙ্গালহালিয়াতে ধানের শীষের বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন এড. দীপেন দেওয়ান











