ঢাকা | এপ্রিল ২৭, ২০২৬ - ৭:৫৯ অপরাহ্ন

শিরোনাম

রাজধানীতে তালাবদ্ধ বাসা থেকে নারী আনসার সদস্যের পঁচা গলা মরদেহ উদ্ধার

  • আপডেট: Monday, April 27, 2026 - 3:57 pm

ঢামেক সংবাদদাতা।। রাজধানীর কদমতলী থানাধীন কমিশনার মোড় এলাকার একটি বাসার চতুর্থ তলা থেকে শারমিন আক্তার শেলী (২৭) নামে এক নারী আনসার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) মধ্যরাতে লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

প্রতিবেশীরা জানান, ৯ মাস আগে চার তলার একটি ফ্ল্যাট ভাড়া নেন শারমিন ও তার স্বামী আব্দুল্লাহ আল মামুন। গত দুই দিন ধরে তাদের ফ্ল্যাট থেকে উৎকট গন্ধ আসছিল। ফ্ল্যাটের দরজায় বাইরে থেকে তালাবদ্ধ দেখা যায়। এরপর ট্রিপল নাইনে ফোন দেওয়া হয়। পরে কদমতলী থানা পুলিশ এসে দরজা ভেঙে ওই নারীর লাশ উদ্ধার করে।

আরও জানা যায়, ওই দম্পতি মাঝে মাঝে এসে ওই বাসায় থাকতেন। তবে গত কয়েক দিন ধরে তাদের কাউকে দেখা যায়নি। লাশ উদ্ধারের পর থেকে তার স্বামী বা কোনো আত্মীয়স্বজনও আসেননি।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. মুশাহিদুল ইসলাম জানান, রোববার দুপুরে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ওই বাসার দরজা ভেঙে ওই নারীর অর্ধগলিত লাশ পাওয়া যায়। ওই নারীর পেটে ও বাম হাতের কব্জিতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পেটের নাড়িভুঁড়ি বেরিয়ে গেছে।

তিনি আরও জানান, ওই নারী আনসার সদস্য হিসেবে চাকরি করতেন। ওই বাসায় স্বামী-স্ত্রী মিলে থাকতেন। তবে ঘটনার পর থেকে তার স্বামীকে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে ওই নারীকে হত্যা করে দরজা বাইরে থেকে তালা মেরে পালিয়ে গেছে। তার স্বামীকে ধরতে কাজ করছে পুলিশ।