ঢাকা | জুলাই ১৭, ২০২৬ - ২:১৮ অপরাহ্ন

শিরোনাম

রাঙামাটিতে ৪৫ বিজিবির উদ্যোগে বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

  • আপডেট: Friday, July 17, 2026 - 10:39 am

বরকল প্রতিনিধি

রাঙ্গামাটির বরকল উপজেলায় সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বরকল জোন (৪৫ বিজিবি)। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার কলাবুনিয়া, বাঙ্গাল টিলা ও জসীম টিলা এলাকায় বন্যাকবলিত ৩২টি পরিবারের দেড় শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।

বরকল জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সম্রাট তানভীর রহমানের নেতৃত্বে পরিচালিত এ মানবিক সহায়তা কার্যক্রমে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়। বন্যার কারণে খাদ্যসংকটে পড়া মানুষের জরুরি প্রয়োজন বিবেচনায় এ সহায়তা দেওয়া হয়েছে।

ত্রাণ বিতরণকালে বিজিবির সদস্যরা নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে সুশৃঙ্খলভাবে খাদ্যসামগ্রী পৌঁছে দেন। এ সময় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সম্রাট তানভীর রহমান বন্যাদুর্গত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। পাশাপাশি তিনি বাসিন্দাদের পানি বাহিত রোগ ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেন এবং আশ্বস্ত করেন, প্রয়োজন হলে ভবিষ্যতেও বিজিবির পক্ষ থেকে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সম্রাট তানভীর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের যে কোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। প্রাকৃতিক দুর্যোগ, দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন এবং মানবিক সহায়তা কার্যক্রমে বিজিবি ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে বরকল জোন খাদ্য সহায়তা, চিকিৎসাসেবা, বন্যাকবলিত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ, পানিবন্দী মানুষের খোঁজখবর গ্রহণ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে, বন্যাকবলিত এলাকার পানিবন্দী ও সুবিধাবঞ্চিত মানুষ বিজিবির এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।