ঢাকা | মে ২৫, ২০২৬ - ১২:০৩ অপরাহ্ন

শিরোনাম

রডবোঝাই ট্রাকে ঈদযাত্রা, ট্রাক উল্টে নিহত ১৫, আহত ৬

  • আপডেট: Monday, May 25, 2026 - 10:22 am

কালিহাতী সংবাদদাতা।। টাঙ্গাইলের কালিহাতীর সারতৈল এলাকায় রড বোঝাই ট্রাক উল্টে ১৫ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন।

সোমবার (২৫ মে) ভোর ৫ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ শামসুল আলম সরকার ঘটনাস্থল থেকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ভোর সাড়ে ৪টার দিকে রড ও যাত্রী বোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের রডের নিচে চাপা পড়ে ১৫ জন নিহত ও ৬ জন আহত হন।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।

তাৎক্ষণিক ভাবে হতাহতের নাম পরিচয় জানা যায়নি। তবে তাদের সকলের বাড়ি রাজশাহীর চাপাইনবাবগঞ্জ এলাকায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। নিহত-আহতরা সকলেই রড বোঝাই ট্রাক যোগে উত্তর বঙ্গের দিকে যাচ্ছিলেন।

 

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, হতাহতদের সবাই নিম্নআয়ের মানুষ। তারা ঈদ উপলক্ষে কম ভাড়ায় ট্রাকবোঝাই রডের ওপর বসে গন্তব্যে যাচ্ছিলেন। ট্রাক উল্টে যাওয়ার পর তারা রডের নিচে চাপা পড়ে মারা যান। ধারণা করা হচ্ছে, ট্রাকের চালক ঘুমিয়ে পড়ায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

টাঙ্গাইলের এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতোয়ার রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি রড বোঝাই ট্রাক যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল।

এসময় ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মযুনা সেতু সংযোগ সড়কের কালিহাতীর সরাতৈল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে যমুনা সেতু সংযোগ মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হয়।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে তাদের সকলের বাড়ি রাজশাহীর চাপাইনবাবগঞ্জ এলাকার বলে জানা গেছে।

এলেঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ মো. শরীফ জানান, দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চলাকালে মহাসড়কে যানজটের সৃষ্টি হলেও পরে তা স্বাভাবিক হয়ে যায়। বর্তমানে মহাসড়কে যানচলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।