ঢাকা | ফেব্রুয়ারী ৬, ২০২৬ - ১১:১৫ অপরাহ্ন

শিরোনাম

মৌসুমের শেষ পিকনিকে কাপ্তাইয়ে পর্যটকের উপচে পড়া ভীড় : লেক-পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ পর্যটক

  • আপডেট: Friday, February 6, 2026 - 6:58 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১২টা। কাপ্তাইয়ের নৌবাহিনী পরিচালিত লেক প্যারাডাইস পিকনিক স্পট এবং কাপ্তাই এসএসডি ঘাঁটে গিয়ে দেখা যায়, প্রচুর পর্যটক। কেউ কেউ এসএসডি ঘাঁট হতে ইঞ্জিনচালিত সুসজ্জিত বোটে করে কাপ্তাই লেকে ভ্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এসময় চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি শিপইয়ার্ড কোম্পানিতে কর্মরত শুভ এবং আবিদের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তাঁরা জানান, প্রথমবারের মতো তাঁরা কাপ্তাইয়ে এসেছেন। কাপ্তাই লেকের পাশে অবস্থিত নতুন পিকনিক স্পট রাইংখ্যং আইল্যান্ড পিকনিক স্পটে যাবেন তাঁরা শতাধিক লোক নিয়ে। কাপ্তাই লেক এবং কাপ্তাইয়ের পাহাড় তাঁদের মুগ্ধ করেছে।
চট্টগ্রামের রাউজান হতে কাপ্তাই শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালিতে বেড়াতে এসেছেন একটি বেসরকারি কোম্পানির ব্যবস্থাপক আতাউল এবং তাঁর পরিবার। তাঁরা বলেন, আমরা পরিবারের সদস্যরা রাঙামাটিতে বেড়াতে এসেছি। এরপর আজ কাপ্তাইয়ের নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউস দেখতে আসলাম। সত্যিই এটা খুব সুন্দর। থাইল্যান্ডের আদলে গড়ে তোলা এই পড হাউসগুলো হতে কর্ণফুলী নদীর দৃশ্য দেখতে অপরূপ লাগছে। এসময় কথা হয় তাঁদের সফরসঙ্গী আসমা সিদ্দিকা এবং মোঃ জয়নালের সঙ্গে। তাঁরা বলেন, কাপ্তাইয়ের প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করে আমরা মুগ্ধ হয়েছি। কাপ্তাইয়ের পাহাড়, কাপ্তাই লেক এবং কর্ণফুলী নদীর সৌন্দর্যে আমরা মুগ্ধ।
চট্টগ্রামের লালখান বাজার এলাকা হতে কাপ্তাইয়ে ফ্লোটিং প্যারাডাইসে দুপুরের খাবার খেতে এসেছেন রঞ্জন চৌধুরী এবং তাঁর পরিবার। তাঁরা বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি কাপ্তাইয়ের প্রতিটি পদে পদে সৌন্দর্য লুকিয়ে আছে। বিশেষ করে ফ্লোটিং প্যারাডাইস হতে কর্ণফুলী নদীর অপরূপ সৌন্দর্য এবং সীতা পাহাড়ের মায়াবি রূপ আমাদেরকে মুগ্ধ করেছে।
এদিন বিকেলে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত কাপ্তাই লেকশোরে কথা হয় চট্টগ্রামের রাঙ্গুনিয়া হতে আসা পর্যটক অভিজিতের সঙ্গে। তিনি বলেন, এখানে বন্ধুদের নিয়ে বেড়াতে এসেছি। কাপ্তাইয়ের প্রকৃতি খুবই সুন্দর। কাপ্তাই লেক এবং পাহাড় দেখে পুলকিত হয়েছি।
তাঁরা সকলেই শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটিতে পরিষ্কার-পরিচ্ছন্ন, যানজটমুক্ত প্রকৃতির সান্নিধ্যে কাটানোর জন্য পর্যটন শহর রাঙামাটির রূপসী কাপ্তাইয়ে বেড়াতে এসেছেন। কারণ পরের সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন এবং এর পরের সপ্তাহে পবিত্র রমজান শুরু হওয়ার কারণে এই সপ্তাহে কাপ্তাইয়ে প্রচুর পর্যটকের আগমন ঘটেছে।
এছাড়া কাপ্তাইয়ের শিলছড়ি চন্দ্রলোক ক্যাম্পিং সাইট এন্ড রিসোর্ট ও বনশ্রী পর্যটন কেন্দ্র, ওয়াগ্গাছড়া প্যানোরোমা জুম রেস্তোরাঁসহ বিভিন্ন পিকনিক স্পট ও পর্যটন কেন্দ্র গিয়ে দেখা যায় পর্যটকদের উপচে পড়া ভীড়। কোথাও কোনো রিসোর্ট খালি নেই। কেউ বোট নিয়ে লেকে ভ্রমণ করছেন। কেউ ছবি তুলে ভ্রমণটাকে উপভোগ করছেন। শুক্রবার এবং শনিবার সাপ্তাহিক ২ দিন ছুটি থাকায় মাসখানেক আগে কাপ্তাই শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউসের সবগুলো কটেজ বুকিং হয়েছে বলে জানান এই কেন্দ্রের ম্যানেজার মিনহাজ উদ্দিন।
কাপ্তাই শিলছড়ি ফ্লোটিং প্যারাডাইসের প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ মইন উদ্দিন জুয়েল বলেন, মাঝখানে কর্ণফুলী নদী আর দুই পাশে রাম-সীতা পাহাড়ের পাদদেশে আমাদের রেস্টুরেন্টে কাপ্তাই লেকের মাছসহ পাহাড়ি খাবারের জন্য এই ছুটিতে প্রচুর পর্যটকের আগমন ঘটেছে।
কাপ্তাই লেক প্যারাডাইস পিকনিক স্পটের ফল বিক্রেতা এ আর খান বলেন, এই পর্যটন কেন্দ্রের বাইরে প্রচুর পাহাড়ি আনারস পাওয়া যায়। এগুলো পর্যটকদের কাছে বেশ পছন্দের।
কাপ্তাই এসএসডি বোটঘাট এবং কাপ্তাই লেকশোর বোটঘাটের চালক খায়রুল ইসলাম এবং মোঃ জুয়েল বলেন, আজ শুক্রবার সাপ্তাহিক ছুটিতে কাপ্তাইয়ে প্রচুর পর্যটক এসেছে। পর্যটকরা বোটে করে কাপ্তাই লেক ভ্রমণ করছেন।