ঢাকা | এপ্রিল ১৯, ২০২৬ - ১০:৪১ অপরাহ্ন

শিরোনাম

মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • আপডেট: Sunday, April 19, 2026 - 6:14 pm

মিরসরাই প্রতিনিধি।।

মিরসরাই উপজেলার ওচমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামে অবস্থিত শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ইলিয়াছ এবং সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক আবুল হাশেম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ডা. এস. এ. ফারুক।

পবিত্র কুরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে স্বাগত বক্তব্যে প্রধান শিক্ষক মাওলানা ইলিয়াছ প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম তুলে ধরেন।

এসময় আরও বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি মাওলানা মু. গিয়াস উদ্দিন, অভিভাবক জাহাঙ্গীর আলমসহ অন্যান্য অতিথিরা। বক্তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে বলেন, পাঠ্যশিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে সেরা ফলাফল ও উপস্থিতির ভিত্তিতে মোট ১১০ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগিতায় মোট ২৬টি ইভেন্ট অনুষ্ঠিত হয়।

ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে দৌড়, মুরগির লড়াই, ব্যাঙ লাফ, ঝুড়িতে বল নিক্ষেপ, বেলুন খেলা, চেয়ার খেলা, বিস্কুট দৌড় ও ‘মনের মতো সাজ’ উল্লেখযোগ্য ছিল। পাশাপাশি সাংস্কৃতিক পর্বে ক্বিরাত, কালিমা-মাসায়িল, কবিতা আবৃত্তি ও ইসলামী সংগীত পরিবেশিত হয়।

প্রাণবন্ত আয়োজন ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি ছিল আনন্দঘন ও উৎসবমুখর।