মিরসরাইয়ে শফিউল আলম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
মিরসরাই প্রতিনিধি।।
চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠক চলাকালে শফিউল আলম নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় প্রধান আসামি সাইদুল ইসলাম রিংকুকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) সকালে চট্টগ্রামের পাহাড়তলী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এর আগে, শুক্রবার (১৭ এপ্রিল) খৈয়াছরা ইউনিয়নের মধ্যম মঘাদিয়া গ্রামে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় নিহত হন শফিউল আলম। ঘটনার পর নিহতের ছেলে আরাফাত হোসেন সিফাত মিরসরাই থানায় মামলা দায়ের করেন। মামলায় একই এলাকার মরহুম মুসলিম উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম রিংকুসহ তিনজনকে আসামি করা হয়।
এদিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষে শনিবার সন্ধ্যায় নিহত শফিউল আলমের জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, শফিউল আলম হত্যা মামলার প্রধান আসামি সাইদুল ইসলাম রিংকুকে রাতভর অভিযান চালিয়ে শনিবার সকালে চট্টগ্রামের পাহাড়তলী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার মধ্যম আমবাড়ীয়া গ্রামে সালিশি বৈঠক চলাকালে হামলায় নিহত হন শফিউল আলম। তিনি মিরসরাই উপজেলার মধ্যম আমবাড়ীয়া গ্রামের মরহুম নুর বকসের ছেলে। এ সময় হামলায় আহত হয়েছেন নিহতের বড় ভাই নুর আলম, ছেলে সিফাত, ভাতিজা ফকির আহম্মদ ও গ্রাম সর্দার আজিম উদ্দিন।











