ঢাকা | এপ্রিল ২৩, ২০২৬ - ৫:০১ অপরাহ্ন

শিরোনাম

ভিডিও ভাইরাল: আব্দুল মান্নানকে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি

  • আপডেট: Thursday, April 23, 2026 - 12:10 pm

আদালত প্রতিবেদক।। অসৌজন্যমূলক আচরণের ভিডিও ভাইরাল হওয়ায় হাইকোর্ট বিভাগের বিচারপতি আব্দুল মান্নানকে বিচারিক ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রধান বিচারপতির দপ্তর এ তথ্য জানায়।

দুই সপ্তাহ আগে কুমিল্লায় এক ব্যক্তিগত অনুষ্ঠানে গিয়ে তিনি চিৎকার করতে থাকেন। এক পর্যায়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এপেক্স ক্লাবের নির্বাচন বন্ধ করতে গিয়ে তার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সম্প্রতি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি যে বেঞ্চ পুনর্গঠন করেছেন, সেখানে তাকে কোনো বিচারিক দায়িত্বে রাখা হয়নি। শুধু তাই নয়, কজলিস্টেও তার নাম রাখা হয়নি। বিচারিক পরিভাষা বাদ দিয়ে প্রশাসনিক পরিভাষায় এভাবে ক্ষমতা প্রত্যাহার করাকে ওএসডি বলা যেতে পারে।

সপ্তাহে ২ দিন হাইকোর্টে ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত
গত ৩ এপ্রিল সকালে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। এ ঘটনার দুই মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানস্থলে ওই বিচারপতির সঙ্গে অন্যান্য সদস্যদের তর্কবিতণ্ডা শুরু হয়। এ সময় বিচারপতি বিষয়টি বোঝানোর চেষ্টা করলেও কেউ তার কথায় গুরুত্ব না দিয়ে পাল্টা কথা বলতে থাকেন। কয়েকবার ‘ভুয়া ভুয়া’ স্লোগানও শোনা যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিচারপতির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে ঘিরে রাখেন এবং একপর্যায়ে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

আয়োজকরা জানান, এপেক্স বাংলাদেশের জাতীয় বোর্ডের পাঁচটি ডিরেক্টর পদে নির্বাচন এবং প্রেসিডেন্ট-সেক্রেটারি কনফারেন্স উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ঢাকার নিম্ন আদালতের একটি সমন নিয়ে পুলিশসহ অনুষ্ঠানস্থলে উপস্থিত হন বিচারপতি আব্দুল মান্নান। তিনি নির্বাচন বন্ধের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেন।

তবে নির্বাচন কমিশনের সদস্যরা জানান, তারা ঢাকার আদালতের কোনো আদেশ পাননি। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে একপর্যায়ে অনুষ্ঠানস্থলে উত্তেজনা ও হট্টগোল সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিক্ষোভের মুখে বিচারপতি আব্দুল মান্নান পুলিশসহ অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।