ভারতে পাচারকালে ১২ বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার রাসায়নিক সার আটক
বরকল প্রতিনিধি।।
রাঙামাটির বরকলে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ রাসায়নিক ও জৈব সার আটক করেছে ছোটহরিণা জোনের অধীনস্থ ১২ বিজিবি।
শনিবার (২৮ জুন) ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) এর আওতাধীন বাজারঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছোটহরিণা ব্যাটালিয়ন সদর টহলদল পরিত্যক্ত অবস্থায় মোট ৩ হাজার ৫৫০ কেজি সার জব্দ করে।
আটককৃত সারের মধ্যে রয়েছে ১ হাজার ৮০০ কেজি ইউরিয়া সার, ৪০০ কেজি টিএসপি সার এবং ১ হাজার ৩৫০ কেজি জৈব সার। জব্দকৃত এসব সারের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫১ হাজার টাকা।
এ বিষয়ে ১২ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ১২ বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, অবৈধ চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক ও বনজ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে তাদের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।











