ঢাকা | জুন ৮, ২০২৬ - ৮:৩৮ অপরাহ্ন

শিরোনাম

ভারতে জেল থেকে মুক্তি পাওয়া ৯১ জেলেকে পরিবারের কাছে হস্তান্তর

  • আপডেট: Monday, June 8, 2026 - 5:39 pm

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।। ভারতের জেল থেকে মুক্তি পাওয়া এদেশের ৯১ জন জেলেকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (৮ জুন) দুপুরে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় কোস্টগার্ড।

এর আগে রোববার (৭ জুন) বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে ৪টি ফিশিং ট্রলারসহ এ জেলেদেরকে হস্তান্তর করে ভারতীয় কোস্ট গার্ড। এরপর সোমবার দুপুরে মোংলায় কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আনার পর ওই সব জেলেদেরকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করে কোস্টগার্ড।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা সংলগ্ন ভারতীয় জলসীমায় অবৈধভাবে মৎস্য আহরণের অভিযোগে গত বছরের ১৬ ও ১৭ ডিসেম্বর এবং চলতি বছরের জানুয়ারি ও ১৬ ফেব্রুয়ারি ভারতীয় কোস্টগার্ড ৪টি বাংলাদেশি ফিশিং ট্রলারসহ ৯১ জন বাংলাদেশি জেলেকে আটক করে। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক প্রচেষ্টা এবং বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতীয় কোস্টগার্ডের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আটক জেলে ও ফিশিং ট্রলারগুলো বাংলাদেশে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ৭ জুন বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে (আইএমবিএল) বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে ৪টি ফিশিং ট্রলারসহ ৯১ জন বাংলাদেশি জেলেকে হস্তান্তর করে ভারতীয় কোস্টগার্ড। এরপর ৮ জুন দুপুরে মোংলায় এ জেলেদেরকে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে কোস্টগার্ড।