বান্দরবানে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩৪০ পরিবারে ত্রাণ ও শতাধিক মানুষের চিকিৎসাসেবা
বান্দরবান প্রতিনিধি।।
টানা অতি ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড (বান্দরবান রিজিয়ন)। গত ৫ জুলাই থেকে শুরু হওয়া দুর্যোগ পরিস্থিতিতে রিজিয়নের উদ্যোগে বান্দরবান সদর উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় ধারাবাহিকভাবে ত্রাণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় বান্দরবান সদর উপজেলার ব্রিগেড এলাকা, লেমুঝিরি, মুসলিমপাড়া, কাশেমপাড়া, ধনেশপাড়া, আর্মিপাড়া ও বালাঘাটা এলাকায় সেনাবাহিনীর বিশেষ উদ্ধার ও সহায়তা দল মানবিক কার্যক্রম পরিচালনা করে। এ সময় ৬৯ পদাতিক ব্রিগেডের জিএসও-৩ (ইন্ট) ক্যাপ্টেন সামিউল ইসলামের নেতৃত্বে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৪০টি অসহায় পরিবারের মাঝে শুকনো খাবারসহ জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
পাশাপাশি বান্দরবান এমডিএস-এর মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. ফুয়াদ ইবনে রশিদের নেতৃত্বে একটি মেডিকেল টিম বন্যাদুর্গত প্রায় ১৫০ থেকে ১৬০ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করে।
সংকটময় সময়ে সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগে খাদ্য ও চিকিৎসাসেবা পেয়ে দুর্গত মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এ সহায়তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বান্দরবান রিজিয়ন জানিয়েছে, দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্যাকবলিত মানুষের পাশে থেকে ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।











