বান্দরবানে নতুন পুলিশ সুপার, দেশজুড়ে ৩৯ পুলিশ কর্মকর্তা বদলি
নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদলে বান্দরবান জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের ১২টি জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগসহ মোট ৩৯ জন কর্মকর্তাকে বদলি করেছে সরকার।
মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বান্দরবানের বর্তমান পুলিশ সুপার আবদুর রহমানকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকায় কর্মরত পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার।
এছাড়া অন্যান্য বদলির মধ্যে পঞ্চগড়, জয়পুরহাট, পাবনা, নীলফামারী, নড়াইল, সাতক্ষীরা, চাঁদপুর, ঝালকাঠি, মৌলভীবাজার, চট্টগ্রাম ও ফেনী জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে।
আরেকটি প্রজ্ঞাপনে ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার বেশ কয়েকজন কর্মকর্তারও রদবদল করা হয়েছে। এর মধ্যে সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহমানকে পুলিশ অধিদপ্তরে, আরএমপির পুলিশ কমিশনার জিল্লুর রহমানকে সিলেট রেঞ্জের ডিআইজি এবং এসবির ডিআইজি মোহাম্মদ ফয়েজুল কবিরকে আরএমপির পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।











