বান্দরবানে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল
বান্দরবান প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বান্দরবান পার্বত্য জেলা শাখার নবগঠিত কমিটির উদ্যোগে মঙ্গলবার বিকেলে বান্দরবানে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ৪টায় বান্দরবান কেন্দ্রীয় ঈদগাঁ ময়দান থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে জেলা ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে জেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন জিকু বলেন, “কমিটিতে যারা স্থান পায়নি, তারাও আমাদের সহযোদ্ধা। আমরা বিগত সময়ে সবাই মিলে আন্দোলন-সংগ্রাম করেছি। সবাইকে সঙ্গে নিয়েই দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।”
তিনি আরও বলেন, সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে দলের কার্যক্রমকে এগিয়ে নিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন ত্রিপুরা, মোহাম্মদ রিদুয়ানুল হক এবং মো. সেফায়েত হোসাইন তারেকসহ অন্যান্য নেতাকর্মীরা।
মিছিলে অংশ নেওয়া কর্মী রাকিবুল ইসলাম বলেন, “নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে বান্দরবানে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে আমরা আশাবাদী।”
আরেক কর্মী মো. আরিফ হোসেন বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে ছাত্রদলের রাজনীতিকে এগিয়ে নিতে কাজ করবো এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে সক্রিয় থাকবো।”
সমাবেশ শেষে নেতাকর্মীরা সংগঠনের ঐক্য ও শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।











