ঢাকা | জুন ২৫, ২০২৬ - ১০:৫১ অপরাহ্ন

শিরোনাম

বান্দরবানে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার কর্মসূচি অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, June 25, 2026 - 7:27 pm

বান্দরবান প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি), বান্দরবান পার্বত্য জেলা শাখার উদ্যোগে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৮০ জন পরীক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে যোগাযোগ ব্যবস্থা, আর্থিক সীমাবদ্ধতা, শিক্ষাপ্রতিষ্ঠানের স্বল্পতা এবং শিক্ষাসামগ্রীর অভাবসহ বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে শিক্ষাজীবন চালিয়ে যাচ্ছে। এসব চ্যালেঞ্জ সত্ত্বেও পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে নিজেদের মেধার স্বাক্ষর রেখে চলেছে। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহ প্রদান এবং ঝরে পড়া রোধে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক তানভীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দীন এবং সহ-সভাপতি জানে আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিসিসিপি বান্দরবান কলেজ শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম।

বক্তারা বলেন, শিক্ষা একটি জাতির উন্নয়নের প্রধান চালিকাশক্তি। পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণে সরকার, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়া করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, পাহাড়ে শিক্ষার হার বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করতে সমাজভিত্তিক উদ্যোগের বিকল্প নেই। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ ভবিষ্যতেও শিক্ষাবান্ধব ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এ উদ্যোগকে সময়োপযোগী ও অনুপ্রেরণামূলক হিসেবে উল্লেখ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।