ঢাকা | জুন ২৫, ২০২৬ - ১০:০৮ অপরাহ্ন

শিরোনাম

বাঙ্গালহালিয়ায় কাপ্তাই জোনের উদ্যোগে সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন

  • আপডেট: Thursday, June 25, 2026 - 6:36 pm

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি:

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে বাংলাদেশ সরকারের উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালনায় রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় শুরু হয়েছে ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’।

এ উপলক্ষে রাজস্থলী উপজেলার ৩ নম্বর ইউনিয়নের বাঙ্গালহালিয়া-বান্দরবান সড়ক প্রাঙ্গণে এক বর্ণাঢ্য উদ্বোধনী ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের অধিনায়ক ও অন্যান্য সেনা কর্মকর্তাবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হেডম্যান, ওয়ার্ড সদস্য, কারবারি, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বৃক্ষরোপণ শুধু গাছ লাগানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার। তিনি জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ সেই ধারাবাহিকতারই একটি উজ্জ্বল উদাহরণ।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে।