বাঘাইছড়িতে অবৈধভাবে ভারতে পাচারের সময় দুইশত লিটার জ্বালানি তেল জব্দ
বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল পাচারের সময় ২০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ মারিশ্যা জোন ২৭ বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কতিপয় অসাধু ব্যবসায়ী অধিক লাভের উদ্দেশ্যে অবৈধভাবে মাঝিপাড়া সীমান্ত সড়ক ব্যবহার করে বাংলাদেশ হতে ভারতে পেট্রোল পাচার করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়কের নির্দেশক্রমে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস-এর নেতৃত্বে একটি টহল দল মাঝিপাড়া সীমান্ত সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালীন সময় উগলছড়ি এলাকার রাস্তার উপর অজ্ঞাত অসাধু ব্যবসায়ীরা বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে ২০০ লিটারের ০১টি জ্বালানি পেট্রোলের ব্যারেল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির টহল দল ২০০ লিটার জ্বালানি পেট্রোল উদ্ধার করতে সক্ষম হয়। জব্দকৃত পেট্রোলের সিজার মূল্য ২৮,০০০.০০ (আটাশ হাজার) টাকা।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লে. কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারীদের বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় মারিশ্যা জোন কর্তৃক উক্ত চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।











