ঢাকা | জুলাই ২৮, ২০২৬ - ১:৫১ অপরাহ্ন

শিরোনাম

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের তিন বছরের কারাদণ্ড 

  • আপডেট: Tuesday, July 28, 2026 - 11:16 am

আদালত প্রতিবেদক।। সম্পদের হিসাব বা বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর তিন বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকালে ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক আয়েশা নাসরিন এই রায় ঘোষণা করেন।

দুদকের পক্ষের আইনজীবী এস.এম আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৫ জুলাই রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক রায় ঘোষণার জন্য আজকের দিনটি নির্ধারণ করেছিলেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, এস কে সুর চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ওঠার পর তার নিজের এবং তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে বা বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত তথ্য বিবরণী আদেশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে দাখিল করার জন্য দুদক থেকে নোটিশ পাঠানো হয়েছিল। তবে আদেশ পাওয়ার ২১ কার্যদিবস পেরিয়ে গেলেও তিনি তার সম্পদের হিসাব দাখিল করেননি।

সম্পদের হিসাব দাখিল না করায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা করেন। পরের বছর অর্থাৎ ২০২৫ সালের ৪ আগস্ট আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন উপপরিচালক মো. আহসান উদ্দিন।

২০২৫ সালের ৬ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটির বিচার চলাকালে তালিকাভুক্ত ৭ জন সাক্ষীর মধ্যে ৭ জনেরই সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নরকে গ্রেপ্তার করে দুদক। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।