ঢাকা | জুন ১৫, ২০২৬ - ৯:৩৪ অপরাহ্ন

শিরোনাম

বরকল বাজার পাবলিক ক্লাবকে স্মার্ট টিভি দিলো ৪৫ বিজিবি

  • আপডেট: Monday, June 15, 2026 - 6:18 pm

বরকল প্রতিনিধি:

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে রাঙামাটির বরকল বাজার পাবলিক ক্লাবকে একটি ৩২ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি অনুদান দিয়েছে বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি)।

শনিবার (১৪ জুন) রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলায় সামাজিক সম্প্রীতি, জনকল্যাণ ও উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে “শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায়” এ অনুদান প্রদান করা হয়। বরকল বাজার পাবলিক ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবু বকর ও ক্লাবের অন্যান্য সদস্যদের হাতে স্মার্ট টিভিটি তুলে দেওয়া হয়।

অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ক্লাব সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ উদ্যোগের জন্য বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি)-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি এবং সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।

অনুদান প্রদানকালে বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল সম্রাট তানভীর রহমান বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিজিবি নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক ও সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে।

তিনি আরও বলেন, বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপভোগের পাশাপাশি বিনোদন, তথ্যপ্রাপ্তি এবং সামাজিক কর্মকাণ্ডে ধর্ম, বর্ণ, গোত্র ও জাত নির্বিশেষে স্থানীয় জনগণের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করতেই বরকল বাজার পাবলিক ক্লাবকে এই স্মার্ট টিভি প্রদান করা হয়েছে।

এ সময় তিনি জনগণ ও নিরাপত্তা বাহিনীর পারস্পরিক আস্থা, সমন্বয় ও সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে জানান, ভবিষ্যতেও এলাকার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং শান্তি প্রতিষ্ঠায় এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।