ঢাকা | জুলাই ২৮, ২০২৬ - ১২:১১ পূর্বাহ্ন

শিরোনাম

ফটিকছড়িতে অবৈধ মাটি উত্তোলনে পুলিশের জোরদার অভিযান, মাটিসহ একটি ড্রাম ট্রাক জব্দ

  • আপডেট: Saturday, April 25, 2026 - 3:08 pm

ফটিকছড়ি প্রতিনিধি:

(২৫ এপ্রিল, শনিবার) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে জোরদার অভিযান চালিয়েছে পুলিশ। পৃথক দুটি অভিযানে মাটি বহনকারী দুটি যানবাহন জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ এপ্রিল) গভীর রাত প্রায় সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভুজপুর থানার একটি দল দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক আটক করা হয়। পরে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

এর আগে, একই দিন ফকিরেরহাট সংলগ্ন আমতলী এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। ওই অভিযানে অবৈধভাবে মাটি কাটার সময় একটি বড় ট্রলি গাড়ি জব্দ করা হয়। বর্তমানে আটক উভয় যানবাহন থানা হেফাজতে রয়েছে।

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, পরিবেশবিধি লঙ্ঘন করে ফসলি জমি ও পাহাড় থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।