পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৪০জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক।। দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া সীমান্তের নিকটবর্তী একটি পাথুরে গিরিখাতে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ৪০ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ জুলাই) কোয়েটা থেকে পেশোয়ারগামী একটি যাত্রীবাহী বাস পার্বত্য দানা সার এলাকার একটি গভীর খাদে পড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঝোব জেলার জরুরি কেন্দ্রের প্রধান সানাউল্লাহ শেরানি। আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহীদ রিন্দ বলেন, শুক্রবার ভোরে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তবর্তী একটি প্রত্যন্ত এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাথুরে গিরিখাতে পড়ে যায়। এতে ৪০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন।
একটি উদ্ধারকারী সংস্থা গণমাধ্যমকে জানায়, বাসটিতে ৪৮ জন যাত্রী ছিলেন এবং এটি দেশের রাজধানী ইসলামাবাদের দিকে যাচ্ছিল।











