পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কাপ্তাই জোনের বৃক্ষরোপণ অভিযান
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে রাঙামাটির কাপ্তাই জোন (৩৮ বীর)-এর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কাপ্তাই জোন সদর এলাকায় জোনের উপ-অধিনায়ক মেজর মো. জিয়াউর রহমানের উপস্থিতিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে লেকভিউ আইল্যান্ড এলাকায় বিভিন্ন প্রজাতির ৩২টি ফলজ গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি পরিবেশবান্ধব উদ্যোগকে আরও সম্প্রসারণের লক্ষ্যে স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগণের মাঝে মোট ৪২০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কাপ্তাই রেঞ্জ অফিসার মামুনুর রহমানসহ সামরিক বাহিনী ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান।
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।











