নারী আসনে ভোট: জামায়াত জোটের ১৩ জনের মনোনয়ন জমা
বিশেষ সংবাদদাতা।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের ১৩ জন প্রার্থী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে জামায়াতে ইসলামীর নয়জন, এনসিপির দু’জন, খেলাফাত মজলিস ও জাগপার একজন করে।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইসি সচিব আখতার আহমেদের উপস্থিতিতে রিটার্নিং অফিসার মো: মঈন উদ্দিন খানের কাছে মনোনয়নপত্র জমা দেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া প্রধান এহসানুল মাহবুব জুবায়ের ও মতিউর রহমান আকন।
জামায়াতের প্রার্থীরা হলেন- নুরুন্নিসা সিদ্দীকা (সেক্রেটারি, কেন্দ্রীয় মহিলা বিভাগ), মারজিয়া বেগম (সহকারী সেক্রেটারি, কেন্দ্রীয় মহিলা বিভাগ), অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী (আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি), নাজমুন নাহার নীলু (প্রচার ও সাহিত্য সংস্কৃতিক বিভাগীয় সেক্রেটারি), অধ্যাপক মাহফুজা হান্নান (কেন্দ্রীয় ইউনিট সদস্য ও সাবেক সেক্রেটারি, সিলেট মহানগরী) সাজেদা সামাদ (কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বগুড়া অঞ্চল পরিচালিকা), শামছুন্নাহার বেগম (কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সেক্রেটারি, চট্টগ্রাম উত্তর জেলা) ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ (সদস্য, কেন্দ্রীয় কমিটি নারী অধিকার আন্দোলন) ও রোকেয়া বেগম (জুলাই শহীদ জাবির ইব্রাহীমের মা)।
এনসিপির দু’জন হলেন – মনিরা শারমিন (কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক) ও ডা: মাহমুদা আলম মিতু (কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব)। এছাড়া ব্যারিস্টার তাসমিয়া প্রধান (সভাপতি, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা) ও ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম (বাংলাদেশ খেলাফত মজলিস)।
সমন্বয়ক ১১ দলীয় নির্বাচনী ঐক্যের ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, ১১ দলীয় নির্বাচনী ঐক্য জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ননিনেশন পেপার সাবমিট করেছে। জামায়াত আটটি, এনসিপি দু’টি, শহীদ পরিবার একটি, খেলাফত মজলিশ একটি, জাগপা একটি।
তিনি বলেন, নারীরা বিরোধীদলের কাতারে বসে দেশ গঠনে ভূমিকা রাখবেন। ১১ দল আমরা একসাথে আন্দোলন করেছি। বিরোধী দলে আছি। রাজপথেও প্রয়োজনে একসাথে থাকব। গণভোটের রায় অনুযায়ী সাংবিধানিক সংস্কার পরিষদ গঠন না হওয়ার প্রতিবাদে প্রতিবাদ চালিয়ে যাব।
তফসিল অনুযায়ী আজই মনোনয়নপত্র জমার শেষ দিন। আগামীকাল ও পরশু (২২-২৩ এপ্রিল) বাছাই শেষে ২৯ এপ্রিল প্রত্যাহারের সময় শেষ হবে।











