ঢাকা | জুন ১৯, ২০২৬ - ১:৫২ পূর্বাহ্ন

শিরোনাম

নাইক্ষ্যংছড়ি সদর ইউপির টোল ইজারা নিয়ে বিতর্ক, টেন্ডার স্থগিত

  • আপডেট: Thursday, June 18, 2026 - 9:20 pm

বান্দরবান প্রতিনিধি।।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের টোল আদায় পয়েন্টের ইজারা কার্যক্রমকে কেন্দ্র করে অনিয়ম, দুর্নীতি ও সিন্ডিকেট বাণিজ্যের অভিযোগ উঠেছে। অভিযোগের মুখে ইজারা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে ইউনিয়ন পরিষদ।

ভুক্তভোগী দরদাতা ও স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, গত ১২ মে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের আওতাধীন টোল আদায় পয়েন্ট ইজারার জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়। এতে প্রায় ১৪০ জন ব্যবসায়ী অংশগ্রহণ করেন। দরপত্র ফরম বিক্রির মাধ্যমে ইউনিয়ন পরিষদ প্রায় দেড় লাখ টাকা রাজস্ব আয় করে।

দরদাতাদের দাবি, নিলামে টোল আদায় পয়েন্টের সর্বোচ্চ দর ওঠে ১ কোটি ২০ লাখ টাকা। সরকারি বিধিমালা অনুযায়ী সর্বোচ্চ দরদাতাকে ইজারা দেওয়ার কথা থাকলেও তা অনুসরণ করা হয়নি। অভিযোগ রয়েছে, একটি প্রভাবশালী সিন্ডিকেটকে সুবিধা দিতে মাত্র ৬২ লাখ টাকায় ইজারা চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হয়। এতে সরকার প্রায় ৫৮ লাখ টাকার সম্ভাব্য রাজস্ব থেকে বঞ্চিত হতে পারে বলে তারা দাবি করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দরদাতা জানান, সর্বোচ্চ দর দেওয়ার পরও তা বিবেচনায় না নিয়ে গোপনে অন্যত্র ইজারা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এতে ব্যবসায়ীদের পাশাপাশি সরকারেরও আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা বিতর্কিত ইজারা কার্যক্রম বাতিল করে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় পুনরায় উন্মুক্ত টেন্ডার আহ্বানের দাবি জানিয়েছেন। একই সঙ্গে অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান।

অভিযোগের বিষয়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মাহবুব এলাহী বলেন, “টোল আদায় পয়েন্টের ইজারা কার্যক্রম নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক সৃষ্টি হওয়ায় বিষয়টি আপাতত স্থগিত রাখা হয়েছে। খুব শিগগিরই পুনরায় টেন্ডার আহ্বান করা হবে।”

তবে দুর্নীতি, সিন্ডিকেট বাণিজ্য ও সম্ভাব্য রাজস্ব ক্ষতির অভিযোগ সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি।