ঢাকা | মে ১০, ২০২৬ - ২:৪৬ অপরাহ্ন

শিরোনাম

নতুন মাইলফলকে মেসি

  • আপডেট: Sunday, May 10, 2026 - 11:31 am

স্পোর্টস ডেস্ক।। ইন্টার মায়ামির জার্সিতে ম্যাচ খেলার সেঞ্চুরি পূরণ হয়েছিল আগের ম্যাচে। এবার আরেকটি শতক পূর্ণ করলেন লিওনেল মেসি, যেখানে মিশে আছে পারফরম্যান্সের শ্রেষ্ঠত্ব। আগের রেকর্ড দুমড়েমুচড়ে নতুন মাইলফলকে নাম লেখালেন আর্জেন্টাইন কিংবদন্তি।

মেজর লিগ সকারে শনিবার টরন্টো এফসির বিপক্ষে ইন্টার মায়ামির ৪-২ গোলের জয়ে তিনটি গোলে অবদান রাখেন মেসি। তিনি নিজে করেন একটি গোল, সহায়তা করেন আরও দুটি গোলে।

এই ম্যাচের পারফরম্যান্সে মেজর লিগ সকারের নিয়মিত মৌসুমে ১০০ গোলে অবদান পূর্ণ হয় মেসি। অবিশ্বাস্যভাবে, মাত্র ৬৪ ম্যাচ খেলেই এই সেঞ্চুরি করে ফেললেন তিনি।

মেজর লিগ সকারের নিয়মিত মৌসুমে শততম গোলের অবদানে আগের দ্রুততম ছিলেন সেবাস্টিয়ান জুভিনকো। সাবেক ইতালিয়ান ফরোয়ার্ড খেলতেন টরন্টো এফসির হয়ে। ৯৫ ম্যাচে ১০০ গোলে অবদান রেখে রেকর্ডটি গড়েছিলেন তিনি।

টরন্টোর মাঠে এই ম্যাচে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা মায়ামি ৭৫তম মিনিটের মধ্যে এগিয়ে যায় ৪-০ গোলে। কিন্তু পরে দুটি গোল দিয়ে ম্যাচ জমিয়ে গোলে টরন্টো। আগের ম্যাচে ৩-০ গোলে এগিয়ে থেকেও ৪-৩ গোলে হেরে গিয়েছিল মায়ামি। সেই স্মৃতিও উঁকি দিতে শুরু করেছিল। তবে শেষ পর্যন্ত আর বিপদ হয়নি মেসিদের।

ম্যাচের পর মেসির কণ্ঠে ফুটে উঠল জয়ের সেই স্বস্তি।

“খুব কঠিন ম্যাচ ছিল এবং খেলা কঠিন ছিল, বিশেষ করে প্রথমার্ধে। তবে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ একটি জয় আমরা পেয়েছি। বিশেষ করে সাম্প্রতক সময়ে যেমন ফলাফল হচ্ছিল আমাদের এবং যেভাবে সবকিছু চলছিল, সব কিছু মিলিয়ে জয়টা পেয়ে আমি দারুণ খুশি।”

২০২৩ সালে মায়ামিতে পা রাখার পর মেসির হাত ধরে সাফল্যের এক নতুন যুগের সূচনা হয়। অধিনায়ক হিসেবে ইন্টার মায়ামিকে তাদের ঐতিহাসিক প্রথম চারটি ট্রফি জেতানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি-২০২৩ সালের লিগস কাপ, ২০২৪ সালের সাপোর্টার্স শিল্ড, ২০২৫ সালের ইস্টার্ন কনফারেন্স শিরোপা এবং ২০২৫ সালের এমএলএস কাপ।

ব্যক্তিগত পুরস্কারের ক্ষেত্রেও মেজর লিগ সকারে নতুন মানদণ্ড স্থাপন করে চলেছেন তিনি। ২০২৫ সালে জিতেছেন গোল্ডেন বুট, লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ নির্বাচিত হন টানা দুই মৌসুমে।