ঢাকা | মে ৩০, ২০২৬ - ৫:৩৩ অপরাহ্ন

শিরোনাম

দূর্গম সাজেকে প্রভাতী ত্রিপুরার জীবন বাঁচালো বিজিবি

  • আপডেট: Saturday, May 30, 2026 - 10:04 am

বাঘাইছড়ি প্রতিনিধি।।

 

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দূর্গম জুপ্পুই এলাকায় মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসাসেবা দিয়ে প্রভাতী ত্রিপুরা (১৮) নামে এক তরুণীর জীবন বাঁচালো বিজিবি।

 

অসুস্থ তরুণীর স্বামী রুহিম ত্রিপুরার সাথে কথা বলে জানা যায়, শুক্রবার রাতে তার স্ত্রী হঠাৎ পেটব্যথায় ছটফট করতে থাকে। কিছু বুঝে ওঠার আগেই জ্ঞান হারিয়ে মুমূর্ষু অবস্থায় চলে যায়।

 

আশপাশে কোনো কমিউনিটি ক্লিনিক বা হাসপাতাল না থাকায় স্ত্রীর প্রাণ বাঁচাতে চিকিৎসার জন্য ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের জুপ্পুই বিওপিতে ছুটে এসে সংবাদ দেওয়া হয়। সংবাদ পেয়ে এক মুহূর্ত দেরি না করে ৫৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর দিকনির্দেশনায় অসুস্থ তরুণীকে উদ্ধার করে চিকিৎসার জন্য দীর্ঘ পথ পায়ে হেঁটে বিওপিতে আনা হয়। পরে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিয়ে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

 

বিজিবির এমন মানবিক পদক্ষেপের ফলে মুমূর্ষু অবস্থা থেকে প্রভাতী ত্রিপুরা নতুন জীবন ফিরে পায়। এই ঘটনায় জুপ্পুই এলাকাবাসী বিজিবিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।

 

৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনকল্যাণমূলক কাজের নিয়মিত অংশ হিসেবে বিজিবি পাহাড়ে বসবাসকারী পাহাড়ি জনগোষ্ঠীর মানবিক চিকিৎসাসেবা নিশ্চিত করে থাকে। তারই ধারাবাহিকতায় প্রভাতী ত্রিপুরার চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন মানবিক সহায়তা অব্যাহত থাকবে।