ঢাকা | ফেব্রুয়ারী ৫, ২০২৬ - ১:০৪ পূর্বাহ্ন

শিরোনাম

দীঘিনালায় পোস্টাল ব্যালটে জোরপূর্বক ভোট আদায়ের অভিযোগ

  • আপডেট: Wednesday, February 4, 2026 - 8:19 pm

মো: আল আমিন, দীঘিনালা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পোস্টাল ব্যালট ভোটে অনিয়ম ও জোরপূর্বক ভোট আদায়ের অভিযোগ উঠেছে। তিন প্রার্থীর প্রতিনিধিরা এ বিষয়ে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগপত্র জমা দেওয়া হয়। অভিযোগ দায়ের করেছেন স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ানের পক্ষে প্রবীণ জ্যোতি দেওয়ান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রমোদ মুৎসুদী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের পক্ষে আনোয়ার হোসেন।
অভিযোগে বলা হয়, ফেসবুক পোস্টের মাধ্যমে অভিযোগের ভিত্তিতে পোস্টাল ব্যালট পেপারে একটি নির্দিষ্ট প্রতীকে (ধানের শীষ) সিল মারতে ভোটারদের জোরপূর্বক বাধ্য করার চেষ্টা করা হয়েছে। এছাড়া নির্বাচনী কাজে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের প্রভাবিত করার এবং পোস্টাল ব্যালট কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগও করা হয়েছে। অভিযোগে পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অস্বীকার করে জেলা বিএনপির উপদেষ্টা মো. মাসুদ রানা বলেন, “গতকাল আমরা পোস্ট অফিসের সামনে দিয়ে গিয়েছিলাম প্রচারণার জন্য। কিছু দুষ্কৃতিকারী আমাদের উপস্থিতি বিকৃতভাবে উপস্থাপন করেছে।”
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুল্লাহ রানা বলেন, “আমরা ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছি, জামায়াতও দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়েছে। এতে কোনো অনিয়ম হয়নি।”
পোস্টমাস্টার নিহারিকা চাকমা জানান, “পোস্ট অফিসের ভিতরে কোনো ধরনের অনিয়ম হয়নি। পোস্টাল ব্যালটে জোরপূর্বক ভোট গ্রহণের অভিযোগ ভিত্তিহীন।”
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, “তিন প্রার্থীর প্রতিনিধিরা লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন বিধি অনুযায়ী তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”