জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে : সেলিম উদ্দিন
নিজস্ব প্রতিবেদক।। বীরদের যথাযথ সম্মান প্রদর্শন ও প্রয়োজনীয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েই আগামী দিনের করণীয় নির্ধারণ করতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
আজ সোমবার (২৩ মার্চ) রাজধানীর একটি মিলনায়তনে ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতনেতা সেলিম উদ্দিন।
সেলিম উদ্দিন বলেন, আওয়ামী ফ্যাসিবাদীরা দীর্ঘ পরিসরে দেশ ও জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। ২০০৮ সালে মাফিয়াতন্ত্রীরা সাজানো ও সমঝোতার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করার জন্য জাতীয় ঐক্যমতের ভিত্তিতে কেয়ারটেকার সরকার পদ্ধতি বাতিল দেশকে ভয়াবহ নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছিল। রাষ্ট্রের সব সেক্টরকে দলীয়করণ ও আত্মীয়করণ করে প্রায় ১৬ বছর চালানো হয়েছিল অপশাসন-দুঃশাসন। তবে জুলাই যোদ্ধারা সে অবস্থা থেকে জাতিকে উদ্ধার করে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা এনে দিয়েছিলেন। কিন্তু এতে ঝরে গিয়েছলো প্রায় দুই হাজার তরতাজা প্রাণ। হাজার হাজার তরুণরা আহত হয়ে পঙ্গুত্ব ও অন্ধত্ব বরণ করেছিলেন। তিনি জুলাই শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে আহতদের প্রতিও সহানুভূতি প্রকাশ করেন।
জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, জামায়াত জুলাই যোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে এসেছে। আমরা প্রত্যেক শহীদ পরিবারকে কমপক্ষে দুই লাখ টাকা দিয়েছি। ক্ষেত্র বিশেষে আরও বেশি দেওয়া হয়েছে। আহতদের সুচিকিৎসার জন্য সাধ্যমতো সহযোগিতা করা হয়েছে এবং এখনও তা অব্যাহত রয়েছে। আমরাই প্রথম শহীদদের তালিকা তাদের সংক্ষিপ্ত জীবনীসহ গ্রন্থাকারে বিভিন্ন ভাষায় প্রকাশ করে তাদের আত্মত্যাগ ও বীরত্মগাঁথার কথা বিশ্বের নানা ভাষাভাষীর কাছে তুলে ধরেছি। জুলাই যোদ্ধাদের প্রতি আমাদের এমন ইতিবাচক পদক্ষেপ আগামী দিনেও অব্যাহত থাকবে-ইনশাআল্লাহ।
জুলাই যোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে অবিলম্বে জুলাই সনদের পুরোপুরি বাস্তবায়ন করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সরকারসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান জামায়াতনেতা সেলিম উদ্দিন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জামাল উদ্দিন, উত্তরা পশ্চিম অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুল আলম, তুরাগ মধ্য থানা নায়েবে আমীর কামরুল হাসান, উত্তরা পশ্চিম থানা সেক্রেটারি ফিরোজ আলম, উত্তরা পশ্চিম থানার কর্মপরিষদ সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী উত্তরের সাবেক সভাপতি তারিক হাসানসহ অন্যান্যরা।
মতবিনিময়কালে মহানগর উত্তরের আমির শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের সঙ্গে একান্তে কথা বলেন। এ সময় সেলিম উদ্দিন তাদের সমস্যার কথা অত্যন্ত আন্তরিকতা ও মনোযোগসহ শোনেন এবং সেসব সমস্যা সাধ্যমতো সমাধানের আশ্বাস দেন।











