ঢাকা | মে ৩, ২০২৬ - ৮:৫৫ অপরাহ্ন

শিরোনাম

গণরায় বাস্তবায়নে দ্রুত পদক্ষেপের দাবি

  • আপডেট: Sunday, May 3, 2026 - 6:29 pm

চট্টগ্রাম প্রতিনিধি ::

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ বারইয়ারহাট এলাকায় আয়োজিত এক গণমিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা আলাউদ্দিন সিকদার গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। শনিবার (২ মে) বিকেলে ১১ দলীয় ঐক্যজোট, চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণভোট কোনো সাধারণ প্রক্রিয়া নয়; এটি জনগণের প্রত্যক্ষ মতামতের প্রতিফলন। জনগণ তাদের আশা-আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা স্পষ্টভাবে এই রায়ের মাধ্যমে তুলে ধরেছে। তাই গণরায় বাস্তবায়ন করা রাজনৈতিক দায়িত্বের পাশাপাশি নৈতিক ও সাংবিধানিক বাধ্যবাধকতা। তিনি সতর্ক করে বলেন, জনগণের এই বার্তাকে উপেক্ষা করা হলে গণতান্ত্রিক মূল্যবোধ দুর্বল হবে এবং জনগণের মধ্যে আস্থার সংকট তৈরি হতে পারে।

এ সময় তিনি দেশের চলমান জ্বালানি সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, জ্বালানি সংকট এখন কেবল একটি খাতের সমস্যা নয়; এটি অর্থনীতি, শিল্প, কৃষি ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। এ সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা গ্রহণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, অপচয় রোধ এবং দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার ও বিশেষজ্ঞদের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

কর্মসূচিতে জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিছিলটি বারইয়ারহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোলচত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।