ঢাকা | জুলাই ৬, ২০২৬ - ৬:৪০ অপরাহ্ন

শিরোনাম

খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলি তিনজন নিহত

  • আপডেট: Monday, July 6, 2026 - 2:57 pm

ডেস্ক রিপোর্ট।। খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) ও জনসংহতি সমিতির (জেএসএস-মূল) মধ্যে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

আজ সোমবার দুপুরে উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে পানছড়ি এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু গ্রুপ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (প্রসিত গ্রুপ)-এর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটছে। সর্বশেষ এই হামলার সঙ্গে ওই বিরোধের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে প্রশাসন।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ  জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হয়েছেন।

তিনি বলেন, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধারে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে।

তাৎক্ষণিকভাবে এ ঘটনার বিষয়ে ইউপিডিএফ (মূল) ও জেএসএসের (মূল) কোনো বক্তব্য পাওয়া যায়নি।